Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা চীনের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা চীনের

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও চীন নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। শি জিনপিং এই সমঝোতাকে দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ‘সুসংবাদ’ হিসেবে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসে বৈঠকের সময় শি জিনপিং এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদন জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। 

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন মতপার্থক্য কমানোর চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। 

সিনহুয়া জানায়, শি জিনপিং ট্রাম্পকে বলেছেন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক প্রতিনিধিরা একটি নতুন যৌথ সমঝোতায় পৌঁছেছেন।


শি বলেন, এই সমঝোতা দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ভালো খবর। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি বিরোধের বিষয়গুলো কমিয়ে আনা প্রয়োজন।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, দুই পক্ষেরই পারস্পরিক ছাড় দেওয়া এবং উভয়ের স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করা উচিত। এর মাধ্যমে চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তবে নতুন সমঝোতার বিস্তারিত জানাননি শি জিনপিং। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিং বিদ্যমান বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। এর ফলে যুদ্ধবিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও চীন তথাকথিত ‘বুসান চুক্তি’র মেয়াদ বাড়িয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক উত্তেজনা কমানোর এই সমঝোতার মেয়াদ আগে ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

বুধবার ওয়াশিংটনে বেসেন্ট ও চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের মধ্যে আকস্মিক বৈঠকের পর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।


ফক্স নিউজকে বেসেন্ট বলেন, ‘আমরা যেটিকে বুসান চুক্তি বলি, দুই দেশের মধ্যে অর্থনৈতিক উত্তেজনা কমানোর এই সমঝোতার মেয়াদ ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এখন তা ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে।’

তবে বেসেন্ট সতর্ক করে বলেন, বিদ্যমান সমঝোতার আওতায় চীন এখনো সব প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করেনি। চীনের কিছু প্রতিশ্রুতি প্রত্যাশামতো বাস্তবায়িত হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের কাছে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছে। বর্ধিত সময়ের মধ্যে চীন আরও কার্যকরভাবে চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে পারে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।

বেসেন্ট আরও ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে চীনা প্রতিনিধিদল নতুন কিছু প্রতিশ্রুতির ঘোষণা দিতে পারে।


এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনের কৃষিপণ্য আমদানি বাড়ানো এবং আর্থিক খাতে নতুন কিছু সমঝোতা থাকতে পারে। এতে ওয়াশিংটন ও বেইজিংয়ের সাময়িক অর্থনৈতিক উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া আরও শক্তিশালী হতে পারে।

বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ফলে নতুন বছর পর্যন্ত দুই দেশের অর্থনীতি তাৎক্ষণিকভাবে বড় ধরনের বাণিজ্য সংঘাতে জড়িয়ে পড়া থেকে কিছুটা দূরে থাকবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আগামী বছরও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম