উড্ডয়নের ঠিক আগে মাতাল প্রমাণিত হয়ে বরখাস্ত ভারতীয় পাইলট
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জুরিখ বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে অ্যালকোহল টেস্টে ফেল করায় এয়ার ইন্ডিয়ার এক কো-পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ০৬ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। এর মাত্র কয়েক সপ্তাহ আগে ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইটের এক ভারতীয় পাইলট মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর শিরোনাম হয়েছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দিল্লিগামী ফ্লাইট ছাড়ার ঠিক আগমুহূর্তে কো-পাইলট মদ্যপ আছেন এমন সন্দেহে তাকে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে প্রাথমিক পরীক্ষায় তিনি ফেল করেন। এরপর তাকে বিমান থেকে নামিয়ে সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফিরিয়ে আনা হয়।
চূড়ান্ত মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন বলে জানা গেছে।
এই ঘটনার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৫১। পরবর্তীতে পরের দিন ফ্লাইটটি পরিচালনা করা হয়।
এই ঘটনায় এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিরাপত্তা, নিয়মকানুন বা কোম্পানির নীতি লঙ্ঘনের বিষয়ে এয়ার ইন্ডিয়ার অবস্থান আপোষহীন। নিয়মভঙ্গের কোনো প্রমাণ পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হয় এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’
এর আগে গত ০৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় ধরনের বিপত্তি ঘটেছিল।
ওড়িশার ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী ও ক্রু আহত হন। পরে জানা যায়, ওই ফ্লাইটের মূল পাইলট সুদীপ বশিষ্ঠ ডোপ টেস্টে (মারিজুয়ানা) পজিটিভ হয়েছিলেন। যদিও পাইলট দাবি করেছিলেন তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, তবে এই ঘটনার পর টনক নড়ে কর্তৃপক্ষের।
সব পাইলটের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট
এসব ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের সব পাইলটের জন্য নতুন করে বাধ্যতামূলক ডোপ টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কর্মচারীদের মধ্যে নিয়ম মানার সংস্কৃতি জোরদার করতে তারা অতিরিক্ত বেশ কিছু পদক্ষপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সাইকোহ্যাক্টিভ বা মনস্তাত্ত্বিক উপাদানের জন্য বাধ্যতামূলক পরীক্ষা, সচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধি এবং কঠোর শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা।

