হঠাৎ মুখোমুখি দুই যান, আহত ৮ ইসরাইলি সেনা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম
দুর্ঘটনাটি কোনো হামলা বা সামরিক সংঘর্ষের কারণে ঘটেছে—এমন কোনো তথ্য ইসরাইলি সামরিক বাহিনী দেয়নি। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ লেবাননে দুটি সামরিক যানবাহনের সংঘর্ষে অন্তত আট ইসরাইলি সেনা আহত হয়েছেন। দখলদার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আহতদের সবাই হালকা আঘাত পেয়েছেন। তবে বেশকিছু গণমাধ্যম এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
শুক্রবার (২ অক্টোবর) দক্ষিণ লেবাননের রাব আল-থালাথিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ইসরাইলি সামরিক বাহিনীর দুটি যানবাহন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
ইসরাইলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, আহত আট সেনার মধ্যে ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
তবে কী কারণে সামরিক বাহিনীর দুটি যান একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়াল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ।
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের উপস্থিতি ও সামরিক তৎপরতার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। ফলে ঘটনাটি নিয়ে সামরিক বাহিনীর অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি ওই এলাকায় ইসরাইলি সেনাদের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে দুর্ঘটনাটি কোনো হামলা বা সামরিক সংঘর্ষের কারণে ঘটেছে—এমন কোনো তথ্য ইসরাইলি সামরিক বাহিনী দেয়নি। তাদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, এটি দুটি সামরিক যানবাহনের পারস্পরিক সংঘর্ষের ঘটনা।
হাসপাতালে নেওয়া ছয় সেনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বাকি দুই আহত সেনাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।

