কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লং মার্চের দ্বিতীয় দিনে কারক থেকে কোহাটের উদ্দেশে যাত্রা শুরু হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) লাক্কি মারওয়াত থেকে শুরু হওয়া এই লং মার্চ কারকে রাত কাটিয়ে এখন কোহাটের দিকে এগোচ্ছে।
কোহাটে যাত্রাবিরতি ও দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর মার্চটি পেশোয়ারের দিকে রওনা দেবে। চারসদা ও সোয়াবিতে পৌঁছানোর পর দলটির পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই লং মার্চের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা এখনো আলোচনায় বসতে রাজি আছেন, তবে প্রদেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে খাইবার পাখতুনখাওয়া সরকারকে আস্থায় নিতে হবে।
এদিকে সরকারের সঙ্গে আগের আলোচনা কেন ব্যর্থ হলো, তা পর্যালোচনার জন্য ইসলামাবাদে একটি যৌথ বৈঠক করেছে পিটিআইয়ের পলিটিক্যাল ও কোর কমিটি। দলটির মধ্যস্থতাকারীরা জানান, মূলত পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ, তার চিকিৎসা এবং কিছু প্রাদেশিক বিষয় নিয়ে সরকারের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল।
সরকার লং মার্চ স্থগিত করার শর্তে দুজনকে সাক্ষাতের অনুমতি দিতে চেয়েছিল, যা মানেনি পিটিআই। তবে শেষ পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়া বা বন্ধ রাখার সম্পূর্ণ সিদ্ধান্ত দলীয় কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, পিটিআইয়ের লং মার্চকে সামনে রেখে রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশদ্বারে কনটেইনার বসানোর পাশাপাশি আদিয়ালা জেলের আশপাশের পথগুলোতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বর্তমানে শহরের সব রাস্তা খোলা রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
সূত্র: সামা টিভি।

