নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিজের ঘনিষ্ঠ সমর্থক ক্যাটি জাকারিয়াকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রক্ষণশীল ধারার ভাষ্যকার জাকারিয়া এর আগে ট্রাম্পের নির্বাচনি প্রচারে সহযোগিতা করেছেন।
বর্তমানে জাকারিয়া ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এখন পেলেন নতুন দায়িত্ব।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জাকারিয়ার নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প। এ সময় তার প্রতি আস্থা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুরু থেকেই জাকারিয়া তার বিশ্বস্ত ও মেধাবী সমর্থক।
ট্রাম্প লেখেন, ‘তার সমর্থনের রেকর্ডে কোনো দাগ নেই।’ তিনি আরও বলেন, জাকারিয়া ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের একজন নিবেদিত সমর্থক। নতুন দায়িত্বে তিনি যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। গণমাধ্যম, মার্কিন জনগণ ও প্রশাসনের সঙ্গে তিনি চমৎকারভাবে কাজ করবেন বলে বিশ্বাস তার।
এর আগে জাকারিয়াকে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়ার খবর প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস।
গত আগস্টের শেষ দিকে ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য ছিল। এদিকে, হোয়াইট হাউসের জেমস এস ব্র্যাডি প্রেস ব্রিফিং রুমে গত ৩ সেপ্টেম্বরের পর আর কোনো সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়নি। ওই দিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জাকারিয়া পেপারডাইন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে মুখপাত্র হিসেবেও স্বল্প সময়ের জন্য কাজ করেন।
এ বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক পোস্ট-এ প্রকাশিত এক নিবন্ধে নিজের জিমে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপি পরা নিয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরেন জাকারিয়া। তার দাবি, জিমের মালিক তাকে টুপিটি না পরার অনুরোধ জানিয়েছিলেন। এর প্রতিবাদে তিনি বাক্স্বাধীনতার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন।

