ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান এই আইনজীবী পুরস্কার পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করেছেন।
তবে ট্রাম্পকে পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা আবারও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের অসলোতে নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রাইডনেস ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী হিসেবে নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করেন।
পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তার দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এবার মার্কিন প্রেসিডেন্ট যথাযথ স্বীকৃতি পাবেন।’ যদিও ট্রাম্প পাননি।
শাহবাজের দাবি, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তার সময়োপযোগী হস্তক্ষেপ ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছিল এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তা করেছিল।
তবে ভারত বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লির বক্তব্য, ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে সংঘাত বন্ধে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না।
ট্রাম্পকে নিয়ে পিল্লাইয়ের রসিকতা
৮৫ বছর বয়সী নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর ট্রাম্পকে নিয়ে মজার মন্তব্য করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের প্রকাশ করা একটি ভিডিওতে তাকে অভিনন্দন জানিয়ে করতালি দিতে দেখা যায় উপস্থিত ব্যক্তিদের।
এ সময় পিল্লাই বলেন, ‘আপনারা যদি আরেকটু জোরে করতালি দেন, তাহলে হয়তো এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি!’
এরপর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক আইনজীবীর একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে পিল্লাইকে ‘বিদ্বেষী’ আখ্যা দিয়ে বলা হয়, তার পুরস্কারপ্রাপ্তির মধ্য দিয়ে নোবেল শান্তি পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, গত বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তাকে নিজের পদক দেওয়ায় তিনি পরোক্ষভাবে পুরস্কারটি পেয়েছেন। গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের হাতে নিজের পদক তুলে দেন মাচাদো।
