হিউম্যান রাইটস ওয়াচ
মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, দমন-পীড়ন, দুর্নীতি ও ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদে ভারতে বিক্ষোভ বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, বিজেপি সরকার সংসদ উপেক্ষা করছে, বিরোধীদের দমন করছে এবং তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের মতো সংস্থাগুলো দুর্বল হওয়ার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপ চলছে। এইচআরডব্লিউ-এর এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ফাঁপা করে দেওয়ায় সংখ্যালঘুদের অধিকার খর্ব হচ্ছে এবং দেশ কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে।
২০২৩ সালের আইনে নির্বাচন কমিশনার নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। ২০২৫ সালের জুন থেকে ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়ায় ২০২৬ সালের অক্টোবরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ১৯৩ জন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা করেছে, যাদের অধিকাংশই বিরোধী দলের। তবে অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলে তদন্ত থেমে যায়, যাকে বিরোধীরা ‘ওয়াশিং মেশিন’ বলে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক ও কর্মীদের বিনা বিচারে আটকে রাখা হচ্ছে।
পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটার বাদ পড়ার পরও আদালত হস্তক্ষেপ করেনি, যদিও বিক্ষোভের মুখে নির্বাচন কমিশন কিছু নাম ফেরাচ্ছে। ভারতের গণতন্ত্র ও স্বাধীন প্রতিষ্ঠান রক্ষায় মিত্র দেশগুলোকে মোদি সরকারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ

