নেতানিয়াহু ও আইজেনকোটের প্রকাশ্য মতবিরোধ, কী ঘটছে ইসরাইলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলে নতুন সরকার গঠন প্রক্রিয়া এবং ইরানের সম্ভাব্য হামলা নিয়ে দেশটির শীর্ষ নেতাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সোমবার (২৩ নভেম্বর) পার্লামেন্টে নিজ নিজ দলের বৈঠকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোট একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
বৈঠকে নেতানিয়াহু অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিরোধীরা ইরানের তাৎক্ষণিক নিরাপত্তা হুমকিকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন। তার মতে, এই বিপদ মোকাবিলা করতে এখনই একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা জরুরি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারাই ইরানে নতুন সামরিক অভিযানের বিপক্ষে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, ক্ষমতা ছাড়ার প্রক্রিয়া বিলম্বিত করতেই নেতানিয়াহু নতুন করে যুদ্ধের আবহ তৈরি করতে চাইছেন।
নেতানিয়াহুর বক্তব্য নাকচ করে দিয়ে গাদি আইজেনকোট জানান, নতুন সরকার শপথ নেওয়ার আগে সামরিক হামলা চালাতে হবে—ইরানের পক্ষ থেকে এমন কোনো জরুরি হুমকি তিনি দেখছেন না। তার মতে, যুদ্ধের বদলে ইরানের হাতে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করার দিকেই মূল মনোযোগ দেওয়া উচিত। পাশাপাশি ৭ অক্টোবরের হামলার রাষ্ট্রীয় তদন্ত এবং সবার জন্য বাধ্যতামূলক সেনা পরিষেবার দাবি থেকে তারা সরবেন না বলেও জানান তিনি।
এদিকে সরকার গঠন নিয়ে বিরোধী জোটেও কোন্দল দেখা দিয়েছে। জোটের নেতা নাফতালি বেনেট লিকুদ পার্টির সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভিত্তিতে ঐক্যমত্যের সরকার গড়তে চাইলেও বামপন্থী নেতা ইয়ার গোলান একে ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছেন। গোলানের মতে, যেকোনো উপায়ে নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখাই এখন প্রধান কাজ।
জোটের শরিকদের একমত করতে না পারলে আইজেনকোট হঠাৎ জোট গঠনের ঘোষণা দিয়ে দ্রুত পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেওয়ার কথা ভাবছেন। এতে তিনি সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন এবং পরবর্তীতে সরকার ভেঙে গেলেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন।
সূত্র: টাইমস অব ইসরাইল

-6adde1ebdf3e0-6b05526b0d995.webp)