Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) এক কর্মীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও উপত্যকাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ইউএনআরডব্লিউএ এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও রয়টার্স।

নিহত ইউএনআরডব্লিউএর কর্মীর নাম আদেল আল-হেলো। সংস্থাটি জানায়, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরের একটি পানির কূপের কাছে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় ইসরাইলি হামলার শিকার হন। ওই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

ইউএনআরডব্লিউএর এক মুখপাত্র রয়টার্সকে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, পানির কূপের কাছের সড়কে হামলাটি চালানো হয়। সেখানে সংস্থাটির কর্মী ও একজন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছিলেন। পানির কূপ পরিচালনার নিয়মিত কাজের অংশ হিসেবেই সেখানে অবস্থান করছিলেন তারা।


একই দিন পরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালায় ইসরাইল। এতে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।

২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। প্রায় দুই বছর ধরে চলা সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হলেও উপত্যকায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ থামেনি।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পাঁচ ইসরাইলি সেনাও নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরাইলি বাহিনীর ইয়েলো লাইন বা হলুদ রেখা পর্যন্ত পিছু হটার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, ওই সীমার বাইরেও ইসরাইলি বাহিনী গাজার আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে।

এদিকে, গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার সাংবাদিক মোয়াথ আল-কালহুত জানান, ইসরাইলি হামলা বেড়ে যাওয়ার প্রতিবাদে শনিবার ওই এলাকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বিক্ষোভ করেছেন।

দেইর আল-বালাহর মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ আলজাজিরাকে বলেন, এক মাসেরও কম সময়ে ৫০০টির বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, বাসিন্দাদের শরণার্থীশিবির থেকে উচ্ছেদ এবং যত বেশি সম্ভব বাড়িঘর ধ্বংস করার লক্ষ্যে এটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে বাস্তুচ্যুত করার একটি নীতির অংশ বলে মনে হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

‘নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়া হবে ভোটারদের পিঠে ছুরিকাঘাত’

‘নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়া হবে ভোটারদের পিঠে ছুরিকাঘাত’

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

আরও পড়ুন

ইসরাইলি সেনাদের আত্মহত্যার রেকর্ড, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

ইসরাইলি সেনাদের আত্মহত্যার রেকর্ড, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

পুতিনকে গ্রেফতার না করায় আইসিসি ছাড়ছে তাজিকিস্তান

পুতিনকে গ্রেফতার না করায় আইসিসি ছাড়ছে তাজিকিস্তান

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা ফার্ক বিদ্রোহীদের

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা ফার্ক বিদ্রোহীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম