ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের দলের মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। নতুন সরকারে কে প্রধানমন্ত্রী হবেন এবং কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন-গভিরকে মন্ত্রিসভায় রাখা হবে কি না—এ দুই প্রশ্নে মতবিরোধের কারণে আলোচনা ভেস্তে যায়।
রোববার (২২ নভেম্বর) ইসরাইলের হার্জলিয়া শহরের একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং আইজেনকোটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষ একমত হতে পারেনি বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২।
ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি নতুন সরকারে কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে রাখতে চায়। অন্যদিকে আইজেনকোটের দল তাকে সরকারে অন্তর্ভুক্ত করার ঘোর বিরোধী।
বৈঠক শেষে দুই দল এক যৌথ বিবৃতিতে জানায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তারা। এ বিষয়ে পরবর্তী সময়ে আবারও বৈঠক হবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ বা আলোচনার বিস্তারিত জানানো হয়নি।
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১৩ আসন পিছিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য আইজেনকোটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো ঐক্যের সরকার প্রতিষ্ঠা।
এ ধরনের সরকার গঠিত হলে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোকে বাদ দিয়েই মন্ত্রিসভা গঠন করা সম্ভব হবে। নির্বাচনে এসব দল রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও টুগেদার জোটের নেতা নাফতালি বেনেট একটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু পার্টিকে নিয়ে জোট সরকার গঠন করা হবে।
এ ক্ষেত্রে প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন এবং পরে নেতানিয়াহু তার স্থলাভিষিক্ত হবেন। তবে প্রধানমন্ত্রী পদ ভাগাভাগির এ প্রস্তাবে আপত্তি জানিয়েছেন আইজেনকোট। অন্যদিকে নেতানিয়াহু শুরুতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান বলে জানা গেছে।
এ ছাড়া আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহু যে সরকারে থাকবেন, সেই সরকারে তার দল যোগ দেবে না।
ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে আইজেনকোটের ইয়াশার পার্টি বিকল্প পরিকল্পনা নিয়ে এগোবে। তার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নেসেটে অনাস্থা ভোটের মাধ্যমে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করবে দলটি।
এ ধরনের সরকার টিকিয়ে রাখতে আরব জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন এবং ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাসের দলের বাইরের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।
তথ্যসূত্র: আল জাজিরা

-6b02f350ee496.jpg)
