খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
স্ত্রী সারা জুকাকু ও আবদুল আল-সাইয়েদ।
|
ফলো করুন |
|
|---|---|
জুডি ও তার স্বামী জেন জনসন থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। এবারের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল রহমান মোহাম্মদ আল–সাইয়েদ। ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় নেতা তিনি। জেন ও জুডি হলেন আল–সাইয়েদের নানা–নানি।
নানা–নানির সংসারে শিশুকাল থেকে দীর্ঘদিন ছিলেন আল–সাইয়েদ। ছোট থেকে মিশিগান ইউনিভার্সিটিতে পড়ার সময় পর্যন্ত। ছোট থেকেই নানা আর নানির সঙ্গে তার সখ্য বেশ গাঢ়। সেটা আজও অটুট আছে। এমনকি নির্বাচনি প্রচারের সময়টাতেও তার পাশে ছিলেন নানা–নানি।
তবে জেন ও জুডি আল–সাইয়েদের গর্ভধারিণী মায়ের মা–বাবা নন। আল–সাইয়েদের বাবা মোহাম্মদ আল-সাইয়েদ। মা ফাত্তেন এল-কোমি। আল–সাইয়েদের তিন বছর বয়সে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর মোহাম্মদ এল-সাইয়েদ বিয়ে করেন জ্যাকুলিন জনসনকে। পরে তিনি জ্যাকুলিন আল–সাইয়েদ নামে পরিচিত হন। জ্যাকুলিনের মা–বাবা জুডি ও জেন।
অবসরে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে জয় পেয়েছেন আল-সাইয়েদ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিমদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটা বেশ বড় একটা মাইলফলক। বিশেষ করে দলীয় বিভক্তি, জোরদার প্রতিদ্বন্দ্বিতা আর অত্যন্ত শক্তিশালী ব্যক্তিদের প্রচারের বিপরীতে দাঁড়িয়ে তার এ জয়।
সেই হিসেবে জেন ও জুডি হলেন সাড়া ফেলে দেওয়া তরুণ রাজনীতিক আল–সাইয়েদের সৎনানা ও নানি। মাত্র চার বছর বয়সে নানা–নানির সংসারে রেখে আসা হয় আল–সাইয়েদকে। আপন না হলেও তাকে নাতির চোখেই দেখেন তারা। তাই নাতির সাম্প্রতিক বিরল অর্জনে উচ্ছ্বসিত কণ্ঠে জুডি বলেন, ‘ওর অর্জনে আমরা ভীষণ গর্বিত।’
গর্বিত হবেন নাই-বা কেন, আল–সাইয়েদের অর্জনটাও যে চোখধাঁধানো। এবারের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান শুরু থেকেই দোদুল্যমান একটি অঙ্গরাজ্য ছিল। অর্থাৎ এখানে কে জিতবেন, সেটা আগেভাগে অনুমান করা কঠিন। দুই দল, অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্রেট পার্টি এ অঙ্গরাজ্যে জয় পেতে বিশেষ মনোযোগ দেয়।
এ কারণে নির্বাচনের বহু আগে থেকে মিশিগানের রাজনৈতিক পরিস্থিতি প্রাদপ্রদীপের আলোয় চলে আসে। মরিয়া হয়ে জয়ের চেষ্টা চালান রিপাবলিকান মাইক রজার্স ও ডেমোক্র্যাট আল–সাইয়েদ। নির্বাচনের আমেজ এতটাই কড়া ছিল যে রিপাবলিকান প্রার্থীর পক্ষ থেকে আল–সাইয়েদকে কটাক্ষ করতে ছাড়েননি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স।
মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কটাক্ষের মুখেও শেষ হাসি হেসেছেন ৪২ বছর বয়সি আল–সাইয়েদ। মার্কিন সিনেটের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ১৭৮৯ সালে মার্কিন সিনেটের কার্যক্রম শুরু হয়। এরপর সিনেটের প্রথম মুসলিম সদস্য আল–সাইয়েদ।
অবসরে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে জয় পেয়েছেন আল–সাইয়েদ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিমদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটা বেশ বড় একটা মাইলফলক। বিশেষ করে দলীয় বিভক্তি, জোরদার প্রতিদ্বন্দ্বিতা আর অত্যন্ত শক্তিশালী ব্যক্তিদের প্রচারের বিপরীতে দাঁড়িয়ে তার এ জয়।
বাবা মোহাম্মদ আল-সাইয়েদের জন্ম আর বেড়ে ওঠা মিসরের আলেকজান্দ্রিয়ায়। পেশায় অটোমোটিভ ইঞ্জিনিয়ার। আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। বয়স তখন ৩০–এর নিচে, তিনি মিসর ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
সময়টা ১৯৭০–এর দশক। মিসরে তখন ক্ষমতায় আনোয়ার সাদাত। ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করেন সাদাত। প্রতিবাদে ফুঁসে ওঠেন মিসরের বহু শিক্ষক–শিক্ষার্থী। সাদাত সরকার ব্যাপক দমন–পীড়ন চালায়। প্রতিবাদীদের দলে ছিলেন মোহাম্মদ আল-সাইয়েদও।
ছেলে আবদুল রহমান মোহাম্মদ আল–সাইয়েদ তার বইয়ে লিখেছেন, মিসরের তৎকালীন শাসকের কাছে তার বাবা হুমকি হয়ে উঠেছিলেন। এর দুটি কারণ। এক. ক্রমবর্ধমান নিষ্ঠুর সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে বাবা ‘রাজনৈতিক আন্দোলনে’ জড়িয়ে পড়েছিলেন। দুই. রাজনীতিসচেতন তরুণদের সঙ্গে বাবার ঘনিষ্ঠতা ছিল বেশ গভীর।
এ পরিস্থিতিতে দেশ ছেড়ে চলে আসা ছাড়া আল-সাইয়েদের সামনে আর কোনো বিকল্প ছিল না, লিখেছেন আবদুল রহমান মোহাম্মদ আল–সাইয়েদ। যুক্তরাষ্ট্রের ডেট্রয়টে এসে ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন তিনি।
সামাজিক মাধ্যমে এখনই রীতিমতো ট্রেন্ড আল-সাইয়েদ। সেটা শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়ে। সিনেটর নির্বাচিত হয়ে এক বক্তৃতায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। ব্যবহার করেছিলেন ‘হাবিবি’ শব্দটি। সেই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাবিবি’–ঝড় চলছে।
আবদুল রহমান মোহাম্মদ আল–সাইয়েদ তার বইয়ে লিখেছেন, কার নাম কী, গায়ের রং কেমন কিংবা কে কীভাবে প্রার্থনায় অংশ নেন—এসব ডেট্রয়টে গুরুত্বপূর্ণ নয়। এটা বাবাকে বেশ আকৃষ্ট করেছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্র গণতন্ত্রের আবাসস্থল হিসেবে পরিচিত। মিসরেও তিনি এমন ব্যবস্থা চাইতেন।
মায়ের নামে নানা অভিযোগ
আবদুল রহমান মোহাম্মদ আল–সাইয়েদের জন্ম ১৯৮৪ সালের ৩১ অক্টোবর, মিশিগানের রচেস্টার হিলসে। বেড়ে ওঠা সেখানেই। তিনি তখন বেশ ছোট, মা–বাবা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। মা ফাত্তেন এল-কোমি মিজৌরি অঙ্গরাজ্যে চলে যান। নার্সের চাকরি নেন ইসলামিক আমেরিকান রিলিফ এজেন্সিতে (আইএআরএ)।
সময়টা ২০০৪ সাল। আল–সাইয়েদের বয়স তখন ২০ বছর। বছর তিনেক আগে যুক্তরাষ্ট্রে আল–কায়েদার সন্ত্রাসী হামলা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। জর্জ ডব্লিউ বুশের শাসনামলে চলছে সন্ত্রাসবিরোধী লড়াই। ওই বছরের ১৩ অক্টোবর মিজৌরির কলম্বিয়ায় আইএআরএর দপ্তরে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
অভিযোগ ছিল, বিদেশে সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করছে আইএআরএ। দপ্তরে গিয়ে বিভিন্ন নথিপত্র ও আর্থিক লেনদেনের বিবরণ ঘাঁটাঘাঁটি–জব্দ করেন এফবিআইয়ের কর্মকর্তারা। জেরা করা হয় ফাত্তেনকেও।
আফ্রিকা আর এশিয়ায় দাতব্য কাজে যুক্ত ছিল আইএআরএ। বিদেশে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে সংস্থার কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যমগুলেো জানায়, আইএআরএ ছোট্ট একটি প্রতিষ্ঠান। কর্মী মাত্র ১৪ জন। ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে সেসব লেনদেন নিয়ে কর্মীদের অনেকেরই ধারণা ছিল না।
ছোটবেলায় যখন ও আমাদের কাছে এসেছিল, হৃদয় জয় করে নিয়েছিল। ওর প্রতি আমার সেই সুখানুভূতি এখনো একই আছে।
জেন জনসন, আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদের সৎ নানা।
নানা চড়াই–উতরাই পেরিয়ে ফাত্তেন এসব গুরুতর অভিযোগ থেকে রেহাই পান। বলা হয়, ফাত্তেন কোনো ভুল কাজে যুক্ত ছিলেন না। তবে মিসরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি ফাত্তেনের পিছু ছাড়েনি।
বছর ১৪ আগে আল–সাইয়েদের সৎ বোন ও শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক ইমান আবদুল–হাদি সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেন, ‘আমার পরিবার দীর্ঘদিন ধরেই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত ছিল। তবে আমার সব সময় মনে হয়েছে, তারা রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত ধ্বংসাত্মক পন্থায় কাজ করেছে।’
মায়ের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ইমান লিখেছিলেন, ‘মায়ের সঙ্গে তার সেই সময়ের কর্মকাণ্ড নিয়ে দারুণ আলোচনা হলো। তখন সত্তরের দশকের শুরুর দিক, মা কলেজে পড়তেন। ওই সময় মিসরে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।’
আল–সাইয়েদের নির্বাচনি প্রচারে বিষয়টি নতুন করে উঠে আসে। এনবিসি নিউজকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি আমার মায়ের কাছে বেড়ে উঠিনি। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার (মা) সম্পৃক্ততার বিষয়টি আমিও শুনেছি। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
পড়াশোনা ও রাজনীতি
২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আল-সাইয়েদ। রোডস স্কলার হিসেবে ২০১১ সালে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে জনস্বাস্থ্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেন। ২০১৪ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন।
রোডস স্কলারশিপ হলো বিশ্বের অন্যতম প্রাচীন, অভিজাত ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম।
২০১৫ সালে মিশিগানের সবচেয়ে বড় শহর ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেন আল–সাইয়েদ। শহরটির আর্থিক সংকটের পর জনস্বাস্থ্যসেবা পুনর্গঠনের উদ্যোগ তদারকির দায়িত্ব ছিল তার। ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন আল-সাইয়েদ।
এরপর ২০১৮ সালে মিশিগানের গভর্নর নির্বাচনে প্রার্থী হন। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে গ্রেচেন হুইটমারের কাছে হেরে যান তিনি। পরে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওয়েইন কাউন্টির স্বাস্থ্য, মানবিক ও প্রবীণ সেবাবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আল–সাইয়েদ। এই কাউন্টির মধ্যেই ডেট্রয়েট শহর অবস্থিত।
২০২৬ সালে আবার নির্বাচনী রাজনীতিতে ফেরেন আল-সাইয়েদ। গত আগস্টে মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী বাছাইয়ের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হেইলি স্টিভেন্সকে হারান তিনি।
আল-সাইয়েদ নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নির্বাচনে বাইরের অর্থের প্রভাব বন্ধ করা এবং ইসরাইলের কঠোর সমালোচনা ছিল তার প্রচারের অন্যতম প্রধান বিষয়।
ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্ব ও গত ৩ নভেম্বরের নির্বাচন—দুই পর্যায়েই বিপুল অঙ্কের বাইরের অর্থ ব্যয়ের (প্রতিদ্বন্দ্বী প্রার্থির পক্ষে রিপাবলিকান ও ইসরায়েলি লবির খরচ) মুখে পড়তে হয়েছিল তার প্রচারশিবিরকে। তবে এসব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনেন তিনি।
সবার জন্য মেডিকেয়ার কর্মসূচি চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো, আবাসন ব্যয় কমানো, রাজনীতিতে ধনী দাতাদের প্রভাব হ্রাস এবং শ্রমজীবী পরিবারের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান আল–সাইয়েদ।
ভবিষ্যতের রাজনীতিক
এমনকি পারিবারিক ইতিহাস, বাবা–মায়ের বিচ্ছেদ, সৎ নানা ও নানির কাছে নিজের বেড়ে ওঠা, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে মায়ের সম্পৃক্ততার বিষয়সহ নানা কিছু নিয়ে প্রতিপক্ষের সমালোচনা ও কাদা ছোড়াছুড়ির মুখে পড়তে হয়েছে আল–সাইয়েদকে।
এত কিছুর পরও নির্বাচনে আল-সাইয়েদের জয় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তাঁর রাজনৈতিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় তার রাজনৈতিক কর্মসূচির প্রতি সমর্থন জানানো প্রার্থীরাও জয়ী হতে পারেন—এই ফল সে সম্ভাবনার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
ভোটারদের সমর্থন আদায়ে আল-সাইয়েদের পক্ষে প্রচারে নেমেছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতারাও। ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আর বর্ষীয়ান ডেমোক্র্যাট বার্নি স্যান্ডার্স। তারা আল-সাইয়েদের সঙ্গে প্রচার চালিয়ে ভোটারদের তার পক্ষে সংগঠিত করতে সহায়তা করেছেন।
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পেয়েছে দেশের ইতিহাসে প্রথম একজন মুসলিম সিনেটর। এখানেই শেষ নয়। আল–সাইয়েদকে অনেকেই মার্কিন রাজনীতির নতুন তারকা হিসেবে দেখছেন। অনেকে ভাবছেন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন মিশিগানের নতুন সিনেটর।
তথ্যসূত্র: এবিসি নিউজ, রয়টার্স, বিবিসি, আলজাজিরা, আনাদোলু।

