ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুতিন সত্যিই যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন। খবর আল জাজিরার
রোববার (২২ নভেম্বর) এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে সাংবাদিক জোনাথন কার্ল এ বিষয়ে ক্লেটনকে প্রশ্ন করেন।
তিনি জানতে চান, ‘ভ্লাদিমির পুতিন কি যুক্তরাষ্ট্রের বন্ধু? কারণ ট্রাম্প বলেছেন, এ প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না।’
জবাবে ক্লেটন ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠককে ‘ঐতিহাসিক’ এবং তার বক্তব্যকে ‘যথাযথ’ বলে উল্লেখ করেন। তবে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ নেয়নি বলেও স্পষ্ট করেন তিনি।
ক্লেটন বলেন, ‘ভ্লাদিমির পুতিন কি যুক্তরাষ্ট্রের বন্ধু? ইউক্রেনের ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের বন্ধু নন। একেবারেই নন।’
সম্প্রতি গত ১৯ নভেম্বর চীনের শেনজেনে প্রথমবারের মতো এক বৈঠকে মিলিত হন ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন বিশ্বনেতা একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে পুতিনের প্রশংসা করে আসছেন ট্রাম্প। ২০২৫ সালের আগস্টে প্রায় এক দশক পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলে আলাস্কায় পুতিনকে স্বাগত জানান তিনি।
এরপর শেনজেন সম্মেলনে পুতিনের সঙ্গে পুনরায় দেখা হলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প। এ সময় রসিকতা করে তিনি বলেন, ‘উনি কে?’ এরপর পুতিনের দিকে এগিয়ে গিয়ে করমর্দন করেন এবং বলেন, ‘তিনি আমার বন্ধু।’
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের অবস্থানে অনড় থাকেন ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। এর একটির ক্যাপশনে লেখেন, ‘আমার বন্ধু’।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, রাশিয়া কি যুক্তরাষ্ট্রের বন্ধু? জবাবে প্রশ্নটি এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’ এরপর তিনি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া তার পক্ষে হস্তক্ষেপ করেছিল কি না, তা নিয়ে তদন্তের সময় পুতিনের সঙ্গে তার সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ‘রাশিয়া, রাশিয়া, রাশিয়া নিয়ে যে ভুয়া তদন্ত চলেছিল, সেই সময় থেকেই পুতিনের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সত্যি বলতে, সে সময় তিনি আমার সঙ্গে বেশ ভালো আচরণ করেছিলেন।’
এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের নির্যাতন ও কারাবন্দি করার অভিযোগও রয়েছে মস্কোর বিরুদ্ধে।
এমন পরিস্থিতিতে পুতিনকে ব্যক্তিগত বন্ধু হিসেবে দেখার বিষয়ে ট্রাম্পের বক্তব্য এবং ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থানের মধ্যে পার্থক্য নতুন করে আলোচনায় এসেছে।


