Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ডুবল রুশ যুদ্ধজাহাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ডুবল রুশ যুদ্ধজাহাজ

ছবি: সংগৃহীত

Advertisement

লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে রাশিয়ার একটি নৌযানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। হামলায় কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি।

রোববার (২২ নভেম্বর) ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা জাহাজটিতে হামলা হয়। বন্দরটি একটি নৌঘাঁটির কাছাকাছি অবস্থিত। স্থানীয় সূত্রগুলো জানায়, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা আরও জানায়, তিনটি ড্রোন জাহাজটিতে আঘাত হানে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, হামলার শিকার জাহাজটি রাশিয়ার নৌবাহিনীর করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’। রোববারের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, জাহাজটির বেশির ভাগ অংশ পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের কাঠামোর একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বন্দরের জেটি এলাকাজুড়েও ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ।

এর আগে বেনগাজিভিত্তিক পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও প্রয়োজনীয় সরবরাহ নিতে বন্দরে এসেছিল।

রোববার রাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাতে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে কয়েকটি সামুদ্রিক ড্রোন পাঠিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়।

একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের কাছে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। পূর্বাঞ্চলীয় প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের আঘাতে আহত জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আলমাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরীয় শহর বেনগাজির কাছে আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে নৌ ও বিমানবাহিনী।

আরও পড়ুন
‘মস্কো তৃতীয় রোম’

রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত

হামলার উৎস ও এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু করার কথা জানিয়েছে বেনগাজিভিত্তিক প্রশাসন। তাদের দাবি, জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে প্রশাসন বলেছে, এ ধরনের হামলা লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আন্তর্জাতিক সংঘাতের প্রতিশোধ নেওয়া কিংবা বিদেশি বিরোধের ক্ষেত্র হিসেবে লিবিয়ার বন্দর, ভূখণ্ড ও জলসীমা ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয় বলেও উল্লেখ করেছে প্রশাসন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি লক্ষ্য করে একাধিকবার সামুদ্রিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী।

এর আগের দিন শনিবার ফিনল্যান্ডের জলসীমার কাছাকাছি পূর্ব বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।

এ ছাড়া গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ ডুবে যায়। ওই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে আকাশপথে ড্রোন হামলার কথা জানিয়েছিল ইউক্রেন।

ইউক্রেনের গোয়েন্দাদের জড়িত থাকার সন্দেহ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আবদুলরাজ্জাক আল জাজিরাকে বলেন, লিবিয়ার বন্দরে হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, গত বছরের শেষ দিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং ত্রিপোলিভিত্তিক সরকারের মধ্যে একটি সমঝোতার বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ওই সমঝোতার আওতায় লিবিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি প্রতিষ্ঠার কথা ছিল। এর বিনিময়ে ত্রিপোলিভিত্তিক সরকার ইউক্রেনের কাছ থেকে সামরিক দক্ষতা ও অভিজ্ঞতা পেতে পারে।

বিশেষজ্ঞের মতে, লিবিয়ার এ হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার একটি উদাহরণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘপাল্লার হামলাকে যে ‘ইউক্রেনীয় দীর্ঘপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করে আসছেন, এ ঘটনাও তার সাম্প্রতিক উদাহরণ।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় রাজনৈতিক বিভক্তি চলছে। ওই বছরের শেষ দিকে তিনি নিহত হন। বর্তমানে দেশটিতে জাতিসংঘ-স্বীকৃত সরকার ত্রিপোলিতে এবং প্রতিদ্বন্দ্বী প্রশাসন পূর্বাঞ্চলের বেনগাজিতে অবস্থান করছে।

পূর্বাঞ্চলীয় সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানিয়েছেন, হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চেয়ে তার সরকার জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

রোববার এক বিবৃতিতে তিনি পশ্চিম লিবিয়া থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল কি না, তা তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে দেশটিতে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি ও তাদের কর্মকাণ্ড যাচাই এবং এ বিষয়ে কিয়েভের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন তিনি।

জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশনও (ইউএনএসএমআইএল) ড্রোন হামলার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি বলেছে, লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার মতো পরিস্থিতি বহন করতে পারবে না, এমনটি হতেও দেওয়া উচিত নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মস্কো তৃতীয় রোম’

‘মস্কো তৃতীয় রোম’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা

তিন নেতার বৈঠক শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

আরও পড়ুন

ভেস্তে গেল কপ৩১ সম্মেলন, বড় চুক্তি ছাড়াই শেষ

ভেস্তে গেল কপ৩১ সম্মেলন, বড় চুক্তি ছাড়াই শেষ

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ডুবল রুশ যুদ্ধজাহাজ

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ডুবল রুশ যুদ্ধজাহাজ

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম