বিশ্ব কাঁপাল প্রথম মুসলিম সিনেটর আল-সায়েদ
শাবনুর নাহার
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সায়েদ। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি। মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ৪২ বছর বয়সি এ চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক।
স্থানীয় সময় বুধবার ভোরে মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ এ জয়ের খবর আসে। এরপরই মিশিগানের ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির কার্যালয়ে সমর্থকদের সামনে নিজের বিজয় ঘোষণা করেন আল-সায়েদ। বিজয় ভাষণে তিনি বলেন, ‘আপনারা এমন একজন প্রার্থীর ওপর আস্থা রেখেছেন, যাকে জয়ী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে অসম্ভাব্য মনে করা হয়েছিল। আপনারা আমাকে নিজেদের বাড়িতে, গির্জায় ও সিনাগগে স্বাগত জানিয়েছেন।’
নির্বাচনের প্রচারণায় নেমে নানা বক্তব্যে বিশ্ব কাপিঁয়েছেন আল-সায়েদ। তার সভায় সমর্থকদের উপস্থিতি-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দেড় বছরের বেশি সময় ধরে মিশিগানের বড় শহর থেকে শুরু করে ছোট ছোট জনপদে প্রচার চালিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলেন-এ জয় তারই ফল বলে উল্লেখ করেন আল-সায়েদ। প্রচারের কঠিন সময়ে ভোটারদের সমর্থন তাকে শক্তি জুগিয়েছে বলেও জানান তিনি।
নির্বাচনি প্রচারের সময় আল-সায়েদকে ঘিরে ইসলামবিদ্বেষী বক্তব্য ও আক্রমণের অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ রিপাবলিকান শিবিরের কয়েকজন নেতা তার নাম ও ধর্মীয় পরিচয়কে সামনে এনে অপপ্রচার চালান। বিজয় ভাষণে এসব আক্রমণের জবাব দেন আল-সায়েদ। তিনি বলেন, প্রতিপক্ষরা গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কথা বলার পরিবর্তে বিভাজন সৃষ্টির পথ বেছে নিয়েছে। কারণ, মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে তাদের কোনো উত্তর নেই। তিনি বলেন, ‘তারা এমন একটি যুক্তরাষ্ট্র চায়, যেখানে আমাদের জন্য জায়গা খুব ছোট। কিন্তু আমরা জানি, যুক্তরাষ্ট্র আমাদের সবার জন্য যথেষ্ট বড়।’
আব্দুল আল-সায়েদ ওয়েইন কাউন্টির সাবেক স্বাস্থ্য পরিচালক। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে (প্রাইমারি) দলের প্রতিষ্ঠিত রাজনীতিক হ্যালি স্টিভেন্সকে হারিয়ে তিনি আলোচনায় আসেন। ওই নির্বাচনে দলীয় নেতৃত্বের পছন্দের প্রার্থী হিসাবে বিবেচিত স্টিভেন্সকে পরাজিত করে মূল নির্বাচনে দলের মনোনয়ন পান আল-সায়েদ। তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির পক্ষে অবস্থান নেন। সেই সঙ্গে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স একজন সাবেক কংগ্রেস সদস্য। ২০২৪ সালের সিনেট নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে ডেমোক্র্যাট এলিসা স্লটকিনের কাছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।
শৈশব ও রাজনীতিতে উত্থান : মিশিগানের রচেস্টার হিলসে মিসরীয় অভিবাসী মা-বাবার ঘরে জন্ম নেন আল-সায়েদ। তিনি রাজনীতিতে আসার আগে চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে পেশাজীবন গড়ে তোলেন। ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর রোডস স্কলার হিসাবে ২০১১ সালে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে জনস্বাস্থ্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেন। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন ২০১৪ সালে। দীর্ঘদিন স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালনের পর ২০১৮ সালে মিশিগানের গভর্নর নির্বাচনে প্রার্থী হন। পরে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওয়েইন কাউন্টির স্বাস্থ্য, মানবিক ও প্রবীণ সেবাবিষয়ক বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৬ সালে নির্বাচনি রাজনীতিতে ফেরেন। গত আগস্টে মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী বাছাইয়ের নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য হেইলি স্টিভেন্সকে হারিয়ে মূল নির্বাচনে দলের মনোনয়ন পান।
