সংখ্যালঘু ইস্যুতে বিশিষ্টজনদের মত
অপপ্রচার রোধে সরকারের বলিষ্ঠ ভূমিকার তাগিদ
পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীলদের উচ্চকণ্ঠে বক্তব্য দরকার : মাহবুব উল্লাহ * হামলা ও গুজব বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা নানা প্রশ্ন তৈরি করছে : দিলারা চৌধুরী * প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের আমন্ত্রণ জানানো যেতে পারে -এম জসিম উদ্দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া গুজব মোকাবিলায় সরকারের কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। তারা ঘটনা তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করে বিশ্বব্যাপী প্রচারেরও আহ্বান জানান। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের জন্য তারা আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিয়েছেন।
জানতে চাইলে রোববার যুগান্তরকে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কোনো ঘটনা না ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশে এ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে ভারতীয়দের একটি অংশ উদ্দেশ্যমূলক ও উসকানিমূলকভাবে এসব প্রচারণা চালাচ্ছে। দেশটির মূলধারার সংবাদমাধ্যমেও তা প্রচারিত হচ্ছে। এর উদ্দেশ্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। দেশের সংখ্যালঘুরা নিঃসন্দেহে অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছেন উল্লেখ করে মাহবুব উল্লাহ বলেন, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রচারণা চালাচ্ছে, তাদের নিজেদের দেশের পরিস্থিতিও আয়নায় দেখা উচিত। এ প্রসঙ্গে তিনি ভারতের মুসলমান, খ্রিস্টান, অন্যান্য সম্প্রদায় ও দলিতদের ওপর নির্যাতনের বিষয়টি উল্লেখ করেন।
পরিস্থিতি মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উচ্চকণ্ঠে বক্তব্য দেওয়ার পরামর্শও দিয়েছেন মাহবুব উল্লাহ। তিনি বলেন, প্রয়োজনে এ বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করে তা বিশ্বব্যাপী প্রচার করা উচিত। অন্যদিকে নড়াইলে হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রফেসর দিলারা চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
সংখ্যালঘুদের ওপর হামলার গুজব প্রসঙ্গে দিলারা চৌধুরী বলেন, এটি (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের একটি রাজনৈতিক কৌশল, যা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এর ফলে বিদেশে অপ-প্রচার চালানোর সুযোগ তৈরি হচ্ছে। সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলারা চৌধুরী বলেন, সরকার কিছুই করছে না, বসে বসে দেখছে। পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি বলেন, লিথাল ফোর্স ব্যবহার না করলেও পুলিশ কোথায়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
পরিস্থিতি উত্তরণে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আর কতদিন মানুষকে এভাবে জিম্মি করে রাখা হবে, আর কতদিন সরকার দর্শকের ভূমিকায় থাকবে প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা ও এ-সংক্রান্ত আন্তর্জাতিক প্রচারণা মোকাবিলায় সরকারকে বলিষ্ঠ ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ড. এম জসিম উদ্দিন। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক। দেশের সংবিধান ও পবিত্র ইসলাম ধর্ম-উভয়ই সংখ্যালঘুদের অধিকার রক্ষার নির্দেশনা দেয়। বর্তমান সরকার, বিরোধী দল ও সাধারণ জনগণ সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপন এর একটি উদাহরণ।
যে কোনো ধর্মাবলম্বীর ওপর হামলার নিন্দা জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে ‘হিন্দু নিধন চলছে’-এমন প্রচারণা বিদেশে ও পার্শ্ববর্তী দেশ থেকে চালানো হচ্ছে। বাস্তবে এসব প্রচারণার অধিকাংশেরই কোনো ভিত্তি নেই। সরকার ও বিরোধী দলকে আন্তর্জাতিক চাপে রাখার উদ্দেশ্যে রাজনৈতিকভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিগত ১৫ বছরের নেতিবাচক রাজনীতি ও দুঃশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রসঙ্গ টেনে জসিম উদ্দিন বলেন, কোনো ব্যক্তি হিন্দু বা মুসলিম যা-ই হোন না কেন, অতীতের কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধ ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধকে সাম্প্রদায়িক সংঘাত হিসাবে দেখার সুযোগ নেই। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং সবকিছু আইনি প্রক্রিয়ায় পরিচালিত হয়, সেটি নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার মোকাবিলায় সরকারের করণীয় সম্পর্কে ড. জসিম উদ্দিন বলেন, অভিযোগকারীদের কাছে শক্ত প্রমাণ চাওয়া যেতে পারে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা যেতে পারে। আন্তর্জাতিকভাবে সমাদৃত বিশিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থাও করতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ বলেও উল্লেখ করেন এম জসিম উদ্দিন।
