আ.লীগের নাশকতায় বিএনপি-জামায়াত-এনসিপি ঐক্য
হারাচ্ছে রিকনসিলিয়েশনের সুযোগও
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে ‘রিকনসিলিয়েশনের’ একটা আলোচনা দেশের রাজনীতিতে ছিল। সরকারি দলের শীর্ষ পর্যায়ের কেউ কেউ অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথাবার্তাও শুরু করেছিলেন। তবে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে সেই সুযোগ পিছিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা না করে বেশ আগেই নেতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত। কারণ, সরকারের বিরুদ্ধে জনমনে এখনো বড় ধরনের কোনো অসন্তোষ তৈরি হয়নি। সরকারের মেয়াদেরও খুব বেশি পার হয়নি। তাছাড়া যে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ও দমন-পীড়নের কারণে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো অনুশোচনা বা ব্যাখ্যা দেয়নি দলটি। উলটো তারা এখনো ‘ষড়যন্ত্রতত্ত্ব’ সামনে রেখে গায়ের জোরে দেশে ফেরার ঘোষণা দিচ্ছে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে দলটিকে কেন্দ্র করে ‘রিকনসিলিয়েশন’ বা রাজনৈতিক সমঝোতার যে আলোচনা ভেতরে শুরু হয়েছিল, সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই সুযোগও হারাচ্ছে।
অন্যদিকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মতামতও প্রায় অভিন্ন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ দলগুলোর নেতারা মনে করছেন, সরকারের মেয়াদের মাত্র ১০ মাসের মাথায় সহিংস পরিস্থিতি তৈরি করার চেষ্টা আওয়ামী লীগের হঠকারিতা আর কিছুই নয়।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মতে, আওয়ামী লীগ যেটা করছে, সেটা কোনোভাবেই রিকনসিলিয়েশন বা সম্প্রীতির রাজনীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। বরং এটি নিশ্চিহ্ন করার রাজনীতি। অর্থাৎ, সবকিছু নির্মূল করে এককভাবে ক্ষমতা দখল ও শাসন পরিচালনার মানসিকতা থেকেই তারা এগোচ্ছে। কিন্তু এ ধরনের রাজনীতি আওয়ামী লীগের জন্য যেমন কল্যাণকর হবে না, তেমনই দেশের জন্যও মঙ্গল বয়ে আনবে না।
যুগান্তরকে তিনি বলেন, বাংলাদেশের প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি; যেখানে সবাইকে নিয়ে রাজনৈতিক ও জাতীয় সমস্যার সমাধান করা হবে। তবে এর অর্থ এ নয়, যারা অন্যায় ও অপরাধ করেছে, তাদের দায়মুক্তি দেওয়া হবে। অপরাধীদের অবশ্যই নিজেদের অন্যায়ের দায় স্বীকার
করতে হবে। এরপর ক্ষমা এবং অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে সম্প্রীতির রাজনীতির পথ তৈরি হতে পারে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলাল হোসাইন মনে করেন, আওয়ামী লীগ দল হিসাবে আদৌ রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় আসতে চায় কি না, সেটিই এখন বড় প্রশ্ন। ক্ষমতায় থাকাকালে মানুষ হত্যা করেছে। এখন কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করছে। সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা এখনো জুলাই বিপ্লব এবং এর পেছনের জন-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে পারেনি। তবে দলটির যেসব নেতাকর্মীর মধ্যে অনুশোচনা, আত্মসমালোচনা ও গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আকাঙ্ক্ষা রয়েছে, তাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা যেতে পারে। ব্যক্তিপর্যায়ে পুনর্মিলনের সুযোগ আর দল হিসাবে রাজনৈতিক পুনর্বাসন এক বিষয় নয়।
রাষ্ট্রচিন্তক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও জনগণ তাদের কাছে নিরাপদ নয়, বিরোধী দলে থাকলেও নিরাপদ নয়, নিষিদ্ধ থাকলেও নিরাপদ নয়। গত কয়েকদিনের সহিংসতা ও নিষ্ঠুরতায় তারা প্রমাণ করেছে, তারা একটা ভয়ংকর শ্রেণিবিশেষ। রাজনীতিতে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আবার পুনর্বাসিত হওয়ার যে ক্ষীণ সম্ভাবনা ছিল, তা মনে হয় এই ঘটনার মধ্য দিয়ে একেবারেই শেষ হয়ে গেছে।
ইস্টওয়েস্ট ইউনির্ভাসিটির অর্থনীতি বিভাগের শিক্ষক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সিনিয়র রিসার্চ ফেলো পারভেজ করিম আব্বাসীর মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও সহিংসতার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্তেও উঠে এসেছে, ওই আন্দোলন ঘিরে সংঘাতে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নির্মম বাস্তবতা।
যুগান্তরকে তিনি বলেন, সেই বাস্তবতার পরও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ঘিরে নতুন করে যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, তা বাংলাদেশের রাজনীতিকে আরও পিছিয়ে দিচ্ছে। বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার।
বিশ্লেষকরা গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলার জন্য সরকারকে কৃতিত্ব দিচ্ছেন। তারা বলছেন, সরকার গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার ঘটনা অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে রাজনৈতিক কৌশলের দিক থেকে লাভবান হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানো কিংবা লাঠিচার্জের পথে যায়নি। বরং সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে সংঘর্ষ এড়াতে। শুরুতে সরকারের এই নমনীয় অবস্থান নিয়ে কিছুটা সমালোচনা হলেও পরবর্তী সময়ে তা সরকারের পক্ষেই গেছে। কারণ, সরকার কঠোর না হয়ে পরিস্থিতি শান্ত রাখার যে কৌশল নিয়েছিল, সেটিই ভালো ফল দিয়েছে। সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ আরও বেড়েছে। ফলে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার পরিবর্তে আওয়ামী লীগ আরও জনবিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়েছে।
অন্যদিকে দলটির কর্মকাণ্ডে উলটো ফল হয়েছে। বিভিন্ন ইস্যুতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট দূরত্বও দূর হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ দলগুলো আবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগের তৎপরতা কার্যত তাদের একমঞ্চে আসতে সাহায্য করছে।
প্রসঙ্গত, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরসহ আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটলেও দলটির নেতাকর্মীদের ওপর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেনি। এমনকি বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার গঠনের পরও আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারি দলের পক্ষ থেকে বড় ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ডের নজির খুব বেশি সামনে আসেনি। বরং জামায়াতসহ বিরোধী দলগুলো আওয়ামী লীগকে সাহায্য করার অভিযোগ তুলেছে। গত আড়াই বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ধীরে ধীরে পারিবারিক জীবন ও ব্যবসা-বাণিজ্যে ফিরে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছিলেন। এমনকি আওয়ামী লীগের প্রতি সমাজের একটি অংশের মধ্যে কিছুটা প্রচ্ছন্ন সহানুভূতি তৈরি হচ্ছিল বলে অনেকে মনে করেন। কিন্তু হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পরবর্তী সহিংস ঘটনাবলির পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সহিংতার জন্য মানুষ এখন আওয়ামী লীগকেই দুষছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে সরকার কঠোর অবস্থান নিচ্ছে। নতুন করে গ্রেফতার অভিযান শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে পালটা সহিংসতার ঘটনাও ঘটছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনেক আগেই দেউলিয়া হয়ে গেছে। তাই ‘রিকনসিলিয়েশন’, ‘ট্রুথ কমিশন’ কিংবা ‘ইনক্লুসিভ পলিটিক্সের’ মতো ধারণাগুলো সামনে এনে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ারও কোনো যৌক্তিকতা নেই। তার মতে, যারা এসব শব্দ ব্যবহার করে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার কথা বলছেন, তাদের অনেকেই দলটির শাসনামলে সুবিধাভোগী ছিলেন। তাদের পক্ষে রিকনসিলিয়েশন বা ট্রুথ কমিশনের কথা বলা মূলত অপরাধীদের পক্ষেই অবস্থান নেওয়ার শামিল।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, আওয়ামী লীগকে নিয়ে ‘রিকনসিলিয়েশনের’ আলোচনা আদৌ কোথায় বা কারা করছেন, সে বিষয়ে তার জানা নেই। তিনি বলেন, নাশকতা ও সহিংসতার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজের রাজনৈতিক কবর নিজেই রচনা করেছে। সন্ত্রাসের পথ ধরে কোনো রাজনৈতিক দল আবার রাজনীতিতে ফিরে আসতে পারে না। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডকে জাতিসংঘ গণহত্যা হিসাবে উল্লেখ করেছে। এসব ঘটনার বিচার এখনো হয়নি, অথচ দলটির মধ্যে কোনো অনুশোচনা বা আত্মসমালোচনাও দেখা যাচ্ছে না। তিনি বলেন, এত বড় অপরাধে অভিযুক্ত একটি দলকে আবার সন্ত্রাসের পথ ধরে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়ার মতো পরিস্থিতি দেশে নেই।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, রাজনৈতিক প্রত্যাবর্তন কখনোই সন্ত্রাস, সহিংসতা কিংবা মানুষের মধ্যে ভয়-আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। একটি রাজনৈতিক দল হিসাবে ফিরতে হলে আওয়ামী লীগকে রাজনৈতিক আচরণ করতে হবে। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গত আড়াই বছরে দলটির মধ্যে সেই ধরনের কোনো রাজনৈতিক আচরণ দেখা যায়নি। এত বড় হত্যাকাণ্ড ও নজিরবিহীন অপরাধের পরও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আত্মসমালোচনা, অনুশোচনা কিংবা ক্ষমাপ্রার্থনা দেখা যায়নি। এমনকি দলটির দায়িত্বশীল কোনো পর্যায় থেকেও এমন বক্তব্য আসেনি, যা জনগণের বিবেচনায় নেওয়ার মতো।
তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল, ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশে ফেরার ক্ষেত্রে তারা একই পথ বেছে নিয়েছে। অতীতে বাংলাদেশে কিংবা বিশ্বের অন্য কোথাও সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে কোনো রাজনৈতিক দলের সফল প্রত্যাবর্তনের নজির নেই। আওয়ামী লীগ যদি মনে করে, গৃহযুদ্ধ বা সংঘাতের পরিস্থিতি তৈরি করে তারা আবার রাজনৈতিকভাবে বিজয়ী হবে, তবে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও হঠকারী রাজনৈতিক প্রকল্প। এর মধ্য দিয়ে তারা নিজেরও ক্ষতি করছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মতে, গণতন্ত্র ধ্বংস ও গণহত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগ এবং এর দোষী নেতাদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করাই হলো ‘রিকনসিলিয়েশনের’ প্রথম ধাপ। তিনি বলেন, আমরা মনে করি, আওয়ামী লীগের বিষয়টি আইনি ও রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এ প্রক্রিয়ায় সম্মত না হয়ে দলটি যদি গায়ের জোর ও সন্ত্রাসের পথে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চায়, তার অর্থ হলো তারা আসলে ‘রিকনসিলিয়েশন’ চায় না। বর্তমানে তাদের জ্বালাও-পোড়াও কর্মসূচি শুধু ‘রিকনসিলিয়েশন প্রসেস’ না। এটা বরং তাদের যেসব নেতাকর্মী দেশে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করছিল, সেটিকেও হুমকির মুখে ফেলে দিয়েছে।
