‘নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়া হবে ভোটারদের পিঠে ছুরিকাঘাত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের সম্ভাব্য ঐক্যের সরকার গঠনকে ভোটারদের পিঠে ছুরিকাঘাতের মতো বিষয় বলে অভিহিত করে একটি সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়াইর গোলান। রোববার (২২ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ‘ডেমোক্র্যাটস’ পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, ‘চেঞ্জ ব্লক’ বা পরিবর্তন জোট সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ার পর তৃতীয় সপ্তাহে পা রাখলেও এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর নেতৃত্বে আরও একটি সরকার গঠিত হওয়ার ‘বাস্তব আশঙ্কা’ তৈরি হয়েছে বলে তিনি সতর্ক করেন।
গোলান আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই ছিল জনগণের প্রতি জোটের নেতাদের প্রধান অঙ্গীকার।’ এই অঙ্গীকার পূরণে যারা বাধা সৃষ্টি করবেন, তাদের নিজ নিজ কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে বলেও তিনি হুঁশিয়ার করেন।
অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলোর সঙ্গে চলমান আলোচনার বিষয়ে গোলান বলেন, সহযোগিতার কোনো সর্বসম্মত কাঠামো তৈরি না হলে এই আলোচনাকে সরকার গঠনের শর্ত হিসেবে দাঁড় করানো উচিত নয়। পাশাপাশি, আরব দল ‘জয়েন্ট লিস্ট’-এর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি। ‘অন্ধকার ও বর্ণবাদী’ আখ্যা দিয়ে বা কোনো যুক্তির ভিত্তিতে দলটির সঙ্গে সহযোগিতার পথ বন্ধ হবে না বলে জানান এই নেতা। মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর সঙ্গে তার দলের চমৎকার অংশীদারিত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য,
গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ‘চেঞ্জ ব্লক’ (পরিবর্তন জোট) নেতা গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। ওই দিন থেকে তাকে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। তিনি ব্যর্থ হলে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) অন্য কোনো সদস্যকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে।

-6b042ffe03586.jpg)