বন্যার ক্ষত সারানোর ছুতোয় নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত-চীন
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হিমালয়ের কোলের নেপালে বন্যার ক্ষত সারানোর আড়ালে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে জমে উঠেছে নতুন সমীকরণ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটিকে ঘুরে দাঁড়াতে বড় অঙ্কের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বিশ্লেষকদের মতে, এর পেছনে কেবল মানবিকতা নয়, বরং গত কয়েক বছরে নেপালে চীনের বাড়তে থাকা প্রভাব রুখে দিয়ে নিজের কৌশলগত আধিপত্য ফিরে পাওয়াই দিল্লির মূল লক্ষ্য। ফলে কাঠমান্ডুকে ঘিরে ভারত ও চীনের প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত মার্চে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। এই সফরে নেপালের পুনর্গঠন ও উন্নয়নে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ঘোষণা করেছে ভারত। এর মধ্যে সাড়ে তিন হাজার কোটি রুপি অনুদান এবং বাকি ১১ হাজার ৫০০ কোটি রুপি ঋণ—যা মূলত জ্বালানি খাতে খরচ হবে।
গত আগস্টের ভয়াবহ বন্যায় বিশেষ করে রাসুয়া ও ভোতেকোশি এলাকা লন্ডভন্ড হয়ে যায়। ভেঙে পড়ে রাস্তা, সেতু, বিদ্যুৎকেন্দ্র ও ঘরবাড়ি। প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হন বহু মানুষ। নেপাল সরকারের হিসাবে পুনর্গঠনে প্রায় পাঁচ বিলিয়ন ডলার প্রয়োজন। ভারতের এই ঘোষণা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি সহায়তা। বন্যার পর প্রথম দেশ হিসেবে ভারত উদ্ধার ও ত্রাণ পাঠালেও চীনও নগদ অর্থ, ত্রাণ ও বিশেষজ্ঞ দল নিয়ে পাশে দাঁড়িয়েছে।
গত এক দশকে সীমান্ত বিরোধ ও ২০১৫ সালের অবরোধ নিয়ে নেপালে ভারতবিরোধী ক্ষোভ তৈরি হয়েছিল, যদিও ভারত দায় অস্বীকার করে। এই সুযোগে নেপালে বাণিজ্য, অবকাঠামো ও বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রভাব বাড়ায় চীন। তবে ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সহায়তা চীনের চেয়ে চার গুণের বেশি ছিল।
বালেন্দ্র শাহের সরকারের জন্য পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ। অন্যদিকে নেপাল ভারত বা চীন—কারও এক পক্ষের ওপর নির্ভর না করে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাইছে। তাই কেবল অর্থ দিলেই হবে না, এই সহায়তাকে দীর্ঘমেয়াদি আস্থায় রূপান্তর করাই এখন ভারতের আসল পরীক্ষা।

