প্লেগ আতঙ্কে অনলাইনে চিকিৎসা কিট, সতর্ক করলেন চিকিৎসক
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলে একটি প্লেগ গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত এক নারী নিউমোনিক প্লেগ রোগে মারা গেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর উত্তর আমেরিকায় এ রোগের সম্ভাব্য চিকিৎসা নিয়ে অনলাইনে মানুষের আগ্রহ বেড়েছে।
তবে ওই নারীর প্লেগে মৃত্যুর বিষয়টি রাশিয়া নিশ্চিত করেনি। স্থানীয় অঞ্চলের গভর্নর বৃহস্পতিবার জানিয়েছেন, ওই নারীর সংস্পর্শে আসা সব ব্যক্তিকে শনাক্ত করে তাদের খোঁজখবর নেওয়ার পর কোনো স্বাস্থ্যগত সমস্যা পাওয়া যায়নি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সর্বদা জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া প্রিপার গোষ্ঠীর সদস্যরা ৩০০ ডলারের একটি কিট কেনার ওপর জোর দিচ্ছেন। তাদের দাবি, এই কিট মানুষকে সাহায্য করতে পারে।
ফেসবুকের একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ‘সবাই যখন হুড়োহুড়ি শুরু করবে, তখন পর্যন্ত অপেক্ষা করবেন না। প্রয়োজনের আগেই প্রস্তুতি নিন।’ ভিডিওটিতে #Russia এবং #plague হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
পোস্টগুলোতে ব্যক্তিগত ডিসকাউন্ট কোডও রয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে, কেউ ওই কোড ব্যবহার করে পণ্য কিনলে ভিডিও নির্মাতারা আর্থিক সুবিধা পেতে পারেন।
গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, এসব ভিডিওতে ব্যাপকভাবে প্রচার করা ‘দ্য ওয়েলনেস কোম্পানি’ ব্র্যান্ডটির বিষয়ে অনলাইনে অনুসন্ধানের পরিমাণও বেড়েছে।
কোম্পানিটির প্রধান মুখপাত্র হিসেবে রয়েছেন মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ পিটার ম্যাককালো। তিনি কোভিড-১৯ নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব এবং স্বাস্থ্যসংক্রান্ত এমন কিছু ভ্রান্ত তথ্য প্রচার করেছেন, যেগুলো এএফপি ফ্যাক্ট-চেক করে ভুল প্রমাণ করেছে। কিটগুলো সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করা হলেও কোম্পানিটি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসি ড্রেইনো নামে পরিচিত রোজান ওহ্যান্ডলি তার ২৯ লাখ অনুসারীর কাছে কিটটিতে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন থাকার বিষয়টি তুলে ধরেছেন।
চিকিৎসকের সতর্কবার্তা
টরন্টো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আইজ্যাক বোগোচ সকলকে সতর্ক করে বলেন, ‘আমরা জানি কীভাবে এর চিকিৎসা করতে হয়।’নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুতর সংক্রমণ হতে পারে।’
তবে কোনো ব্যক্তির প্লেগে আক্রান্ত হওয়ার সুনির্দিষ্ট ঝুঁকি বা সংস্পর্শে আসার প্রমাণ না থাকলে নিজে থেকেই অ্যান্টিবায়োটিকের একটি কোর্স শুরু করার বিরুদ্ধে সতর্ক করেছেন এই চিকিৎসক।
বোগোচের মতে, রাশিয়ায় যে সংক্রমণের খবর পাওয়া গেছে, তা এখনো নিশ্চিত নয় এবং এটি এমন ধরনের সংক্রমণ নয়, যা মহামারি সৃষ্টি করতে পারে।
অকার্যকর প্রতিকার
কিটগুলোতে আইভারমেকটিনের মতো দুর্লভ প্রেসক্রিপশন ওষুধও রয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু কেইম বলেন, ‘ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় আইভারমেকটিন সাধারণত কখনোই ব্যবহার করা হয় না।’
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কেবল কৃমিজনিত রোগের চিকিৎসার জন্য ওষুধটি অনুমোদন করেছে। তারপরও স্বাস্থ্যসংক্রান্ত ভুল তথ্য প্রচারকারীদের কাছে আইভারমেকটিন এখনো একটি বহুল প্রচারিত সমাধান। এর একটি কারণ হলো, কোভিড-১৯-এর চিকিৎসায় ওষুধটিকে কার্যকর বলে প্রমাণ করার চেষ্টা করা হলেও ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে সফল ফল পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ এর কার্যকারিতার দাবি নাকচ করে দিয়েছে।
সূত্র: এনডিটিভি

