এবার জেন-জি বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষার পরিবেশের উন্নয়ন, উচ্চশিক্ষার ব্যয় কমানো ও কর্মসংস্থানের দাবিতে আলবেনিয়ায় জেন-জিদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা ছুড়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। জবাবে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার শিক্ষা ও সামাজিক নানা সমস্যা নিয়ে চলা বিক্ষোভ একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
আন্দোলনের আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, উচ্চশিক্ষার খরচ, আর্থিক সহায়তা এবং পড়াশোনা শেষে চাকরি পাওয়ার সুযোগ নিয়ে তারা বিক্ষোভ করছেন।
অপরদিকে সমাজের বৈষম্য ও সরকারের প্রতি ক্ষোভ জানাতে রাস্তায় নেমেছেন তারা বলে জানান কয়েকজন বিক্ষোভকারী।
বিক্ষোভকারী লুলজেতা কোলা বলেন, ‘আলবেনিয়ার এখন বিপ্লব দরকার। পরিবর্তন দরকার। পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। কারণ, এভাবে আর চলতে পারে না।’
দেশটিতে সামাজিক অবিচার গভীর জানিয়ে তিনি আরও বলেন, ধনী ও দরিদ্র মানুষের মধ্যে ব্যবধানও অনেক বেশি।
ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আলবেনিয়ায় এ বিক্ষোভ হলো।
এদিকে কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দিয়ে শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা উন্নত করার দাবি জানাচ্ছেন তারা।
ফ্রান্সের বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ভবনগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড় রয়েছে। এতে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা যায়, শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জরাজীর্ণ অবস্থা তুলে ধরতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ফ্রান্সজুড়ে এই আন্দোলন শুরু হয়। এ পর্যন্ত আন্দোলনকারীরা মিছিল করেছেন, শত শত স্কুল অবরোধ করেছেন এবং অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছেন।
