আগেই সতর্ক করেছিলেন সেনাপ্রধান, এখন সেই বিষয়ে ভুগছে যুক্তরাষ্ট্র
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র অনেকগুলো বিমান হারিয়েছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মজুত নিয়ে গুরুতর সংকটের আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ। তিনি জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের ঘাটতি ২০৩০ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ বিষয়ে সতর্ক করার কয়েক মাস পরই তাকে পদ থেকে সরিয়ে দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জর্জ সতর্ক করেছিলেন, মার্কিন সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পরিচালনার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ ও ইন্টারসেপ্টরের মজুত গুরুতরভাবে কম। এই সংকট কাটতে আরও পাঁচ বছর সময় লাগতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সে সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে তখনো প্রায় দুই মাস বাকি ছিল।
মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস নিউজ জানায়, জর্জের এই মূল্যায়ন পেন্টাগনের ‘গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট অ্যালোকেশন প্ল্যান’-এ অন্তর্ভুক্ত ছিল। প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদিত এই বার্ষিক পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সেনা ও অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নির্ধারণ করা হয়।
জর্জের মূল্যায়নে বিশেষভাবে উঠে আসে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের স্বল্পতার বিষয়টি। তার আশঙ্কা ছিল, ২০৩০ সাল পর্যন্ত এসব গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থার মজুত কৌশলগতভাবে প্রয়োজনের তুলনায় কম থাকবে।
২০২৭ অর্থবছরের জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা তৈরির সময় এই মূল্যায়ন করা হয়েছিল। তবে এরপর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বাধীন যুদ্ধ শুরু হওয়ায় ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানান, কয়েকটি কারণে এই সংকট তৈরি হয়েছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইসরাইলকে রক্ষায় বিপুল পরিমাণ প্রতিরক্ষাব্যবস্থা ও গোলাবারুদ ব্যবহার এবং মার্কিন প্রতিরক্ষা শিল্পের সীমিত উৎপাদন সক্ষমতা—সব মিলিয়ে ক্ষেপণাস্ত্রের মজুতের ওপর চাপ বেড়েছে।
এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে গত এপ্রিলে সেনাপ্রধানের পদ থেকে জেনারেল র্যান্ডি জর্জকে সরিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে জর্জের সতর্কবার্তার সঙ্গে তার অপসারণের সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।


