ভারতের আদমশুমারি ২০২৭-এ বড় পরিবর্তন, নেপথ্যে আরএসএস-বিজেপির এজেন্ডা?
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম
জয়রাম রমেশ ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতে ২০২৭ সালের জাতীয় আদমশুমারির নিয়ম পরিবর্তন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, প্রধান গণনাকারী বা তথ্য সংগ্রহকারীদের তালিকায় হঠাৎ পরিবর্তন এনে দেশের সবচেয়ে বড় এই পরিসংখ্যান কার্যক্রমকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে ক্ষমতাসীন বিজেপি ও তাদের আদর্শিক সংগঠন আরএসএস।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিয়ম সংশোধন করে জানিয়েছে, সরকারি স্কুলের পাশাপাশি এখন থেকে বেসরকারি বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানের শিক্ষকদেরও তথ্য সংগ্রহের কাজে নিয়োগ দেওয়া যাবে। সরকারের এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, নিয়ম শিথিলের আড়ালে বড় ধরনের কারচুপি করার মতলব রয়েছে। তার অভিযোগ, এর মাধ্যমে হাজার হাজার বিজেপি ও আরএসএস কর্মী আদমশুমারির কাজে ঢোকার সুযোগ পাবেন, যা নিরপেক্ষ তথ্য সংগ্রহকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।
অবশ্য বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের এভাবে সরকারি আদমশুমারির কাজে জোরপূর্বক ব্যবহারের বিষয়টি আগেই আদালতে গড়িয়েছে। ভারতের বেশ কয়েকটি হাইকোর্ট ইতোমধ্যে এ ধরনের নিয়োগে স্থগিতাদেশ দিয়ে রায় দিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীন ভারতের অষ্টম জাতীয় আদমশুমারি। প্রথম ধাপে ঘরবাড়ি গণনা এবং দ্বিতীয় ধাপে মূল জনসংখ্যা গণনার কাজ করা হবে। মূলত ২০২১ সালে এই আদমশুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। বিশাল এই গণনার জন্য প্রায় ১১,৭১৮ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

