মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক ভারত সফর ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে তুমুল বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ছয় মাসের মধ্যে এটি তার দ্বিতীয় ভারত সফর হলেও, আশ্চর্যের বিষয় হলো এবার তিনি দেশের রাজধানী নয়াদিল্লিতে যাচ্ছেনই না।
এর বদলে সোমবার (১৯ অক্টোবর) ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসবেন রুবিও। বৈঠক শেষে তিনি গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি বিশাল তেল শোধনাগার পরিদর্শনে যাবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই সফরের মূল লক্ষ্য বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা।
তবে এই সফর নিয়ে মূল জলঘোলা শুরু হয় দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে ওয়াশিংটন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেই মুম্বাইয়ে চলে আসার আহ্বান জানিয়েছে।
নিজেদের মাটিতে ভারতের সর্বোচ্চ কূটনীতিককে এভাবে ডেকে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সোচ্চার হয়েছেন বিরোধী নেতারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন, মার্কো রুবিও যেন মুম্বাইয়ে নিজের কোনো কর্মীকে হাজির হতে আদেশ দিয়েছেন। অন্যান্য বিরোধী নেতাদের মতে, নিজ দেশে বসে বিদেশি রাষ্ট্রের এই ধরণের নির্দেশ মেনে নেওয়া ভারতের কূটনৈতিক মর্যাদার জন্য এক বড় ধরনের অবমাননা।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে উচ্চ বাণিজ্য শুল্ক এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে ওয়াশিংটন ও নতুন দিল্লির সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এই ঘটনা তাতে নতুন করে ঘৃতাহুতি দিল। আপাতদৃষ্টিতে সফরটি কেবল জ্বালানি ও অর্থনৈতিক স্বার্থের ওপর জোর দিয়ে সাজানো হলেও, দেশের ভেতরে রাজনৈতিকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এই পরিস্থিতির মুখে ফেলা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা

