ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:১১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ভিসা বাতিলের বিষয়টি জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘৩ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সবসময়ই আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তা সবার আগে।’
এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টেও যুক্ত করেন নামদার। ওই পোস্টে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যে কোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।
তিনি বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভাঙলে, জালিয়াতি করলে কিংবা আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।’

-6ad7cb26da548.jpg)