কেশম দ্বীপে ক্ষয়ক্ষতির মাত্রা জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো বা জনসেবা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে তেহরান। হামলার লক্ষ্যবস্তুগুলো আবাসিক ও বাণিজ্যিক এলাকা থেকে দূরে ছিল বলে দাবি করেছেন স্থানীয় এক কর্মকর্তা।
হরমুজ প্রণালির কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপে নতুন করে বিস্ফোরণের খবর প্রকাশের পর এ তথ্য জানাল ইরান।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে ওই কর্মকর্তা জানান, রোববার রাতে কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো বা জনসেবা ব্যাহত হয়নি। তিনি জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তুগুলো জনবসতি ও বাণিজ্যিক স্থাপনা থেকে দূরে অবস্থিত ছিল। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের দৈনন্দিন সেবায় কোনো প্রভাব পড়েনি।
এর আগে রোববার গভীর রাতে হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ঠিক কোন কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কেশম দ্বীপ ইরানের বৃহত্তম দ্বীপ। পারস্য উপসাগরের উত্তরাংশে এবং হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত হওয়ায় সামরিক ও বাণিজ্যিক—দুই দিক থেকেই এর গুরুত্ব রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির প্রবেশপথের কাছে দ্বীপটির অবস্থান।
বিশ্বের জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও নৌ চলাচলে প্রভাব ফেলতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কেশম দ্বীপে নতুন করে হামলার খবরও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

