Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়াচ্ছে ইরান, নিশানায় কি ইউরোপ?

হেলাল নিরব

হেলাল নিরব

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়াচ্ছে ইরান, নিশানায় কি ইউরোপ?

ইরান তাদের মিসাইল নীতিতে পরিবর্তন আনছে। সংগৃহীত ছবি

Advertisement

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর স্বেচ্ছায় আরোপ করা ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এ সিদ্ধান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপে।

এতে নতুন করে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের সামরিক স্থাপনাগুলোও কি এবার ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে? তেহরান সরাসরি এমন কিছু বলেনি, তবে নীতি পরিবর্তনের বিষয়টি ইউরোপ ভালোভাবে নেয়নি।

গত শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে ২ হাজার কিলোমিটারের সীমাবদ্ধতা আর ইরানের জন্য কার্যকর নয়।

Iranian Force on X: "BREAKING: The IRGC announced that the 2,000-KM range  limit on missiles has been lifted in accordance with an order issued by  Iran's Supreme Leader, enabling the country to

তবে এরই মধ্যে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র দেশটির হাতে রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। মোহেবি বলেন, কথার পরিবর্তে কাজের মাধ্যমেই নিজেদের সামরিক সক্ষমতা দেখাবে তেহরান।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেকোনো ধরনের হুমকির জবাব দিতে ভৌগোলিক সীমারেখা মানবে না ইরান।

ইউরোপ কতটা ঝুঁকিতে?

ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিয়েই পুরো আরব উপদ্বীপ, লেভান্ত অঞ্চল, মিশরের বড় অংশ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের কয়েকটি দেশে আঘাত হানা সম্ভব। এর মধ্যে রয়েছে গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া।

তবে নতুন ঘোষণায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিয়ে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা, পাল্লার সীমা তুলে নেওয়ায় ভারত মহাসাগর ও ইউরোপের দূরবর্তী সামরিক স্থাপনাগুলোও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় আসতে পারে।

গত মার্চে যুক্তরাজ্য অভিযোগ করেছিল, ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে।

২০১৯ সালে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির এক মূল্যায়নে বলা হয়েছিল, ইরানের খোররামশাহর ক্ষেপণাস্ত্রের একটি হালকা ওয়ারহেড সংস্করণের পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার হতে পারে। অন্যদিকে, ইরানের মহাকাশ কর্মসূচির প্রযুক্তি ব্যবহার করে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে দেশটির বর্তমানে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপের পেছনে সামরিক ও কূটনৈতিক—দুই ধরনের হিসাব রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্ভাব্য হামলার সক্ষমতা সম্পর্কে সতর্ক করা, অন্যদিকে যুদ্ধ বন্ধের আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করা।

দোহা ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুহানাদ সেলুমের মতে, ইউরোপের জন্য বিষয়টি উদ্বেগজনক হলেও তাৎক্ষণিক আতঙ্কের কারণ নয়। তবে ইরান যদি ইউরোপকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে, তাহলে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা শুধু সামরিক সক্ষমতার পরিবর্তন নয়; বরং যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি তেহরানের নতুন কৌশলগত বার্তাও হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান

নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

আরও পড়ুন

ইন্দিরা গান্ধীর পরাজয়ে ফিকে নাতি রাহুলের জন্মদিন

ইন্দিরা গান্ধীর পরাজয়ে ফিকে নাতি রাহুলের জন্মদিন

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

আল-জাজিরার বিশ্লেষণ দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম