ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি: গেটি ইমেজেস
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন নির্দেশনা কার্যকর হলে স্কুল চলাকালে শিক্ষার্থীরা কোনোভাবেই নিজেদের কাছে মোবাইল ফোন রাখতে পারবে না।
গত জুনে এ বিষয়ে আইনগত বাধ্যবাধকতাসহ নির্দেশনা কার্যকর হয়। এর ফলে স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোর জন্য পুরো স্কুল সময়কে ফোনমুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এবার বিদ্যমান নির্দেশনায় আরও কঠোর পরিবর্তন আনছে সরকার। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
বর্তমানে ইংল্যান্ডের কিছু স্কুলে ‘নো সি, নো হিয়ার’ নীতি চালু রয়েছে। এ নীতির আওতায় শিক্ষার্থীরা ফোন সঙ্গে রাখতে পারে, তবে তা দেখা বা শোনার সুযোগ নেই। নতুন নির্দেশনায় এ সুযোগও বন্ধ করা হবে।
তবে স্কুলপ্রধানদের সংগঠনগুলো বলেছে, সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অর্থায়ন ছাড়া নতুন কঠোর নীতি বাস্তবায়ন করা স্কুলগুলোর জন্য কঠিন হবে।
শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সরকারের স্পষ্ট বার্তা হলো, ‘স্কুল হলো শেখা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, ফোনে স্ক্রল করার নয়।’
সরকারের ভাষ্য, স্কুলে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলে তা শিক্ষার্থীদের পড়াশোনা ও পারস্পরিক যোগাযোগ থেকে দূরে সরিয়ে দিতে পারে।
নতুন নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণের স্বাধীনতা স্কুলগুলোর হাতে থাকবে। কোনো কোনো স্কুলে ইতোমধ্যে ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ বা নিরাপদ লকারের ব্যবস্থা করা হয়েছে। আবার কিছু স্কুলে দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ করা হয়। কোনো কোনো স্কুলে পুরো ক্যাম্পাসেই ফোন নিষিদ্ধ।
বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, এ ধরনের নীতি পুরো স্কুলের সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সরকার সব স্কুলেই এমন পরিবর্তন দেখতে চায়।
ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীরা যাতে ফোন ব্যবহার করতে না পারে, সে জন্য স্কুলটি মেটাল ডিটেক্টর ও বিশেষ ফোন পাউচের ব্যবস্থা করতে ২০ হাজার পাউন্ড ব্যয় করেছে।
তিনি বলেন, ফোন ব্যবহারের স্বাধীনতা হারানোর বিষয়ে কারও কারও আপত্তি থাকলেও ফোন তালাবদ্ধ করে রাখার ফলে স্কুলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে।
তার ভাষায়, ‘এখন শিক্ষার্থীরা ফোনে স্ক্রল করার পরিবর্তে একে অপরের সঙ্গে কথা বলতে পারে।’
তিনি আরও বলেন, ‘শ্রেণিকক্ষে মনোযোগের মাত্রাও বেড়েছে। কারণ, এখন মনোযোগ নষ্ট হওয়ার সুযোগ কম। এর ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে।’
ওয়েস্ট মিডল্যান্ডসের ব্রাউনহিলস অরমিস্টন একাডেমির মতো কিছু স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন রাখার জন্য তালাবদ্ধ করা যায় এমন বিশেষ পাউচ সরবরাহ করা হচ্ছে।
অর্থায়নের বিষয়ে প্রশ্ন করা হলে বিবিসি ব্রেকফাস্টকে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, স্কুলপ্রধানরা যেন নিজেদের প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে কার্যকর নীতি বাস্তবায়ন করতে পারেন, সে বিষয়েই তিনি গুরুত্ব দিচ্ছেন।
প্রচারাভিযানভিত্তিক সংগঠন জেনারেশন ফোকাসের সহপ্রতিষ্ঠাতা শার্লট অ্যাশটনও নতুন পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘নো সি, নো হিয়ার’ নীতি কার্যকর হচ্ছে না। শিক্ষার্থীরা এখনো স্কুলের শৌচাগারে বসে টিকটক ব্যবহার করছে।
এদিকে ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট বলেন, লেবার পার্টির সরকার অবশেষে তাদের দাবিতে সাড়া দিয়ে স্কুলে স্মার্টফোন ব্যবহারে যথাযথ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, এতে তিনি আনন্দিত। পাশাপাশি স্কুলে প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তা মান পর্যালোচনার উদ্যোগকেও তিনি সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
তবে শ্রেণিকক্ষে কোন প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে সরকারের সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষাব্যবস্থা যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে পৃথকভাবে পরিচালিত হওয়ায় স্কুলে মোবাইল ফোন ব্যবহারের নীতিও অঞ্চলভেদে ভিন্ন।
স্কটল্যান্ডের সরকার স্কুলে ব্যক্তিগত প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে জনমত যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছে।
ওয়েলসে স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করে জাতীয় পর্যায়ে আইন প্রণয়নের একটি প্রস্তাব সম্প্রতি পার্লামেন্টে নাকচ হয়েছে। তবে ওয়েলস সরকার সেপ্টেম্বরে এ বিষয়ে ১২ সপ্তাহের পরামর্শ গ্রহণ কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে স্কুলগুলোকে মোবাইল ফোন ব্যবহারের নীতিমালা প্রণয়নে সহায়তা করার জন্য নির্দেশনা তৈরি করা হবে।
সেখানে স্কুল চলাকালে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপে স্কুলগুলোকে উৎসাহিত করা হচ্ছে। তবে নিজস্ব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে স্কুলপ্রধানদের স্বাধীনতা রয়েছে।
অন্যদিকে, নর্দার্ন আয়ারল্যান্ডের শিক্ষামন্ত্রী পল গিভান গত আগস্টে স্কুলে আইনগতভাবে মোবাইল ফোন নিষিদ্ধ করা যায় কি না, তা নিয়ে ১২ সপ্তাহের পরামর্শ গ্রহণ কার্যক্রম শুরু করেন। দেশটির শিক্ষাব্যবস্থায় আরও কঠোর ও অভিন্ন নীতি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আসন্ন নিষেধাজ্ঞা থেকে আলাদা। আগামী মার্চে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় ১৬ বছরের কম বয়সিরা ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। দেশটির সংস্কৃতিমন্ত্রী জানিয়েছেন, ভিন্টেড ও ইবে-এর মতো অনলাইন মার্কেটপ্লেসও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হতে পারে। সূত্র: বিবিসি


