Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা

ছবি: সংগৃহীত

Advertisement

দূরপাল্লার যাত্রায় বিমান দারুণ, আর কাছের পথে গাড়ি। কিন্তু মাঝারি দূরত্বে—যেখানে গাড়িতে গেলে সময় বেশি লাগে আবার বিমানে যাওয়াও ঝামেলার—সেই ভোগান্তি দূর করতে আসছে নতুন এক উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘ইলেকট্রা’ তৈরি করছে ‘আল্ট্রা শর্ট’ নামের এক অভিনব হাইব্রিড-ইলেকট্রিক আকাশযান। এর সবচেয়ে বড় চমক হলো, এটি উড়তে বা নামতে কোনো বিশাল রানওয়ের প্রয়োজন হবে না। মাত্র ১৫০ ফুট সমতল জায়গা পেলেই এটি অনায়াসে ওঠানামা করতে পারবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই প্রযুক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ইলেকট্রার তৈরি ‘ইএল৯ আল্ট্রা শর্ট’ উড়োজাহাজটিতে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর রয়েছে। এটি ৯ জন যাত্রী বা ৩ হাজার পাউন্ড মালামাল নিয়ে একটানা ৩৮০ মাইল উড়তে পারে। মজার ব্যাপার হলো, আকাশে ওড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়ে যায়। সাধারণ উড়োজাহাজের চেয়ে এটি ৪০ শতাংশ কম জ্বালানি পোড়ায় এবং হেলিকপ্টারের তুলনায় এর খরচ ৭০ শতাংশ কম। শব্দও হয় খুব সামান্য, অনেকটা ঘরের ভ্যাকুয়াম ক্লিনারের মতো। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে এটি ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতেই লিফটের মতো সোজা ওপরে উঠে যেতে পারে। মাত্র তিন-চার সেকেন্ডের মধ্যেই এটি পাঁচ-ছয় তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছে যায়।

এই উড়োজাহাজ চালু হলে বিমানবন্দরের দীর্ঘ লাইন বা রাস্তার যানজটে আর আটকে থাকতে হবে না। হেলিপ্যাড, খোলা মাঠ এমনকি শপিং মলের পার্কিং লটকেও স্টেশন হিসেবে ব্যবহার করা যাবে। গত অক্টোবরে নিউ ইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুটের একটি বার্জে এর ছোট সংস্করণ সফলভাবে ওঠানামা করে দেখিয়েছে। প্রতিষ্ঠানের দাবি, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে এই উড়োজাহাজে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট, যা গাড়ি বা সাধারণ ফ্লাইটের চেয়ে দ্বিগুণেরও বেশি দ্রুতগতির।

ইতোমধ্যে বিশ্বের ৬০টিরও বেশি এয়ারলাইন এই উড়োজাহাজের ২ হাজার ২০০টির বেশি অগ্রিম অর্ডার দিয়েছে, যার মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে এর চূড়ান্ত পরীক্ষা শুরু হবে এবং ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীরা এতে চড়তে পারবেন বলে আশা করা হচ্ছে। শুধু যাত্রী পরিবহন নয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এটি কিনতে চুক্তি করেছে। দুর্গম এলাকায় নিঃশব্দে রসদ পৌঁছানোর পাশাপাশি মাটিতে থাকা অবস্থায় এটি জেনারেটর হিসেবে ১৫টি বাড়িতে বিদ্যুৎ দিতে সক্ষম। তবে প্রতিটি উড়োজাহাজের দাম প্রায় ১ কোটি ডলার হওয়ায় ব্যক্তিগত ব্যবহারের জন্য সাধারণ মানুষকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সূত্র: সিএনএন

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা

রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা

বাব আল-মান্দেব থেকে পিছু হটল ইয়েমেনের সরকারি বাহিনী

বাব আল-মান্দেব থেকে পিছু হটল ইয়েমেনের সরকারি বাহিনী

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম