Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

এক লাড্ডুর দাম ১৭ লাখ ৬০ হাজার টাকা!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:১২ পিএম

এক লাড্ডুর দাম ১৭ লাখ ৬০ হাজার টাকা!

Advertisement

লাড্ডু খেতে কার না পছন্দ। খুব উপাদেয় ও আকর্ষণীয় হিসেবে দিল্লিকা লাড্ডুর কথা বলে মানুষ। সে লাড্ডুও কেনার সামর্থ্য রয়েছে সবারই।

কিন্তু এবার দিল্লির সেই লাড্ডুর সীমানা ছেড়ে বহুদূর চলে গেছে ভারতেরই হায়দরাবাদের বালাপুরের এক লাড্ডু।

পাঁচ-দশ বা শখানেক টাকা নয়, সেখানে এক লাড্ডুর দাম উঠেছে ১৭ লাখ ৬০ হাজার টাকা!

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই একটি লাড্ডুর এত দামের কারণ- এর ওজন ২১ কেজি। হায়দরাবাদের বালাপুরে গনেশ বিসর্জন উপলক্ষে এ বৃহৎ লাড্ডু তৈরি করা হয়। অতঃপর তা নিলামে তোলা হয়।

আর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিলামে সর্বোচ্চ দাম ১৭ লাখ ৬০ হাজার টাকায় সেই লাড্ডুটি কিনে নেন কোলানু রাম রেড্ডি নামে স্থানীয় এক ব্যবসায়ী।


এনডিটিভি জানিয়েছে, সোনার মোড়কে ওই বিশাল লাড্ডুটি রূপার থালায় করে দেয়া হয় রাম রেড্ডিকে। এর পর গনেশের বিসর্জনযাত্রায় ওই লাড্ডু মাথায় নিয়ে বাড়ি ফেরেন রেড্ডি।

জানা গেছে, শুধু এই লাড্ডুই নয়, এর আগেও দুবার নিলামে জয়ী হয়েছেন কোলানু রাম রেড্ডি।

২০১৮ সালে একই স্থান থেকে নিলামে যে লাড্ডুটি কিনেন তিনি, তার দাম ছিল ১৬ লাখ ৬০ হাজার টাকা।

১৯৯৪ সাল থেকে বালাপুরে গনেশ বিসর্জনে বিশালাকার লাড্ডু বানিয়ে তা নিলাম হয়ে আসছে।  বিষয়টি এখন সেখানে ধর্মীয় রীতিতে পরিণত।  

এলাকাবাসীর বিশ্বাস, নিলাম থেকে এ লাড্ডু যে পরিবারে যাবে, সেখানে দেবতা আশীর্বাদ দিয়ে থাকেন। তাই লাড্ডু নিলামে উঠলে তা কিনতে মরিয়া হয়ে ওঠেন এলাকার সম্পদশালীরা।

সে কারণে ২৫ বছর আগে মাত্র এক হাজার ১১৬ টাকায় যে লাড্ডুর নিলাম প্রক্রিয়া শুরু হয়েছিল, এ বছর তার সর্বশেষ দাম উঠল ১৭ লাখ ৬০ হাজার টাকা।

সূত্র: এনডিটিভি, আজকাল

Advertisement

লাড্ডু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম