Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পকে বিলাসবহুল উড়োজাহাজ উপহার দিচ্ছে কাতার, যা বলছেন সমালোচকরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০২:০১ পিএম

ট্রাম্পকে বিলাসবহুল উড়োজাহাজ উপহার দিচ্ছে কাতার, যা বলছেন সমালোচকরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়োজাহাজ (বোয়িং জেট) উপহার হিসেবে নেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে তিনি এয়ারফোর্স ওয়ান (প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ) হিসেবে ব্যবহার করবেন এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য রেখে দিতে চান। যদিও মার্কিন প্রেসিডেন্টদের উপহার নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে।

গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যমে বিষয়টি উঠে এসেছে।

এ নিয়ে প্রথম প্রতিবেদনে প্রকাশ করেছে এবিসি নিউজ।  প্রতিবেদনে উড়োজাহাজটিকে ‘উড়ন্ত প্রাসাদ’ অভিহিত করা হয়েছে। এবিসি নিউজ জানায়, বোয়িং ৭৪৭–৮ জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে চলেছে।

তবে কাতার বিষয়টি নিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। দেশটি জানিয়েছে, উড়োজাহাজটিকে উপহার হিসেবে উল্লেখ করা প্রতিবেদনগুলো ‘সঠিক নয়’।

ওয়াশিংটনে কাতার দূতাবাসে কর্মরত জনসংযোগ কর্মকর্তা আলি আল–আনসারি বলেন, এয়ারফোর্স ওয়ান হিসেবে সাময়িক ব্যবহারের জন্য একটি উড়োজাহাজ সম্ভাব্য হস্তান্তরের বিষয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আল–আনসারি।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটির সরকারি কর্মকর্তারা কোনো রাজা, যুবরাজ বা বিদেশি রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারবেন না।

তবে ট্রাম্প তার মেয়াদ শেষ হওয়ার পর উড়োজাহাজটি প্রেসিডেন্ট হিসেবে নিজের জন্য গড়ে তোলা সংগ্রহশালায় হস্তান্তর করে বিধানটিকে পাশ কাটিয়ে যেতে পারেন।

বিশ্লেষকেরা বলছেন, বোয়িং ৭৪৭–৮ জাম্বো জেটটি বছর দশকের পুরোনো। এটির বাজারমূল্য ৪০ কোটি ডলার।

এবিসি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহে কাতারসহ মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন। এ সফর চলাকালে উড়োজাহাজের বিষয়ে পরিকল্পনা ঘোষণা করা হবে।

এদিকে এই উপহার গ্রহণের বিষয়ে নৈতিকতা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কারণ, এর মধ্য দিয়ে সরকারের দুর্নীতি ঠেকানোর জন্য তৈরি করা আইনকে অবজ্ঞা করা হবে।

ট্রাম্প–ঘনিষ্ঠ কট্টর ডানপন্থী রাজনীতিক লরা লুমার বলেছেন, কাতারের দেওয়া উড়োজাহাজ গ্রহণ করা হলে তা প্রশাসনের ওপর ‘কালিমা’ ফেলবে।

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লরা লুমার বলেন, ‘আমরা স্যুট পরা জিহাদিদের কাছ থেকে ৪০ কোটি ডলারের উপহার গ্রহণ করতে পারি না। কাতারিরা হামাস ও হিজবুল্লাহর মতো ইরানি ছায়া সংগঠনগুলোকে অর্থের জোগান দেয়। আর এসব সংগঠন মার্কিন সেনাদের হত্যা করেছে।’

তবে হোয়াইট হাউস ও আইন মন্ত্রণালয় মনে করছে, উপহারটি বৈধ এবং এটা কোনো ঘুষ নয়। কেননা, কোনো নির্দিষ্ট সুবিধা বা কাজের বিনিময়ে এটি নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্র এবিসি নিউজকে এমনটাই জানিয়েছে। সূত্রমতে, এটি অসাংবিধানিক নয়। কারণ, এটি প্রথমে মার্কিন বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পরে প্রেসিডেন্টের সংগ্রহশালায় দেওয়া হবে। ফলে এটি ব্যক্তিগত উপহার হিসেবে বিবেচিত হবে না।

এ বিষয়ে মন্তব্য চেয়ে এএফপির করা অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প উড়োজাহাজ কাতার

Advertisement

আরও পড়ুন

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম