Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

আন্দালুসের আলোকিত নক্ষত্ররা: যাদের জ্ঞানে সমৃদ্ধ বিশ্বসভ্যতা

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

আন্দালুসের আলোকিত নক্ষত্ররা: যাদের জ্ঞানে সমৃদ্ধ বিশ্বসভ্যতা

হারিয়ে যাওয়া আন্দালুস

Advertisement

মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু অধ্যায় রয়েছে, যা শুধু একটি জাতি বা ভূখণ্ডের নয়, সমগ্র বিশ্বের গৌরব। মুসলিম শাসিত আন্দালুস (বর্তমান স্পেন) ছিল তেমনই এক স্বর্ণযুগের প্রতীক। অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত আন্দালুস জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল ও প্রকৌশলের এক অনন্য কেন্দ্র হিসেবে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। ইউরোপ যখন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত, তখন কর্ডোভা, সেভিল, গ্রানাডা ও টলেডোর শিক্ষা-প্রতিষ্ঠানগুলো জ্ঞানের দীপশিখা প্রজ্বলিত করেছিল। সেই আলোকিত যুগের পেছনে ছিলেন একদল মুসলিম মনীষী, যাদের গবেষণা, আবিষ্কার ও চিন্তাধারা আজও বিশ্বসভ্যতার ভিত্তিকে সমৃদ্ধ করে চলেছে।

সাহিত্য, ফিকহ ও ধর্মতত্ত্বের অমর সাধক

আন্দালুসের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন অসংখ্য আলেম, সাহিত্যিক ও চিন্তাবিদ। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম কুরতুবি, যার অমর কীর্তি ‘তাফসির আল-জামি' লি আহকামিল কুরআন’, যা ‘তাফসিরে কুরতুবি’ নামে বিশ্বজুড়ে সমাদৃত।

এ ধারার আরেক উজ্জ্বল নক্ষত্র ইবনে আবদে রাব্বিহি। ফিকহ, হাদিস, তাফসির, সাহিত্য, ব্যাকরণ, ইতিহাস ও কবিতায় তার অসাধারণ পাণ্ডিত্য তাকে যুগের অন্যতম শ্রেষ্ঠ মনীষীতে পরিণত করেছিল। একইভাবে ইবনে আবি হুজ্জাহ তার মূল্যবান ধর্মীয় রচনার মাধ্যমে ইসলামি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আর প্রখ্যাত ফকিহ ও বিচারপতি কাজি আবু বকর ইবনুল আরাবি ছিলেন ফিকহ, গবেষণা ও চিন্তাচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী অবদান

আন্দালুসের চিকিৎসাবিজ্ঞান ছিল মধ্যযুগের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা-ব্যবস্থা। কর্ডোবার উমাইয়া খলিফা তৃতীয় আবদুর রহমানের পৃষ্ঠপোষকতায় চিকিৎসা, গবেষণা ও শিক্ষার এক সুবিশাল কেন্দ্র গড়ে ওঠে।

এই ধারার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বদের একজন আবু আল-কাসিম আল-জাহরাউই (Al-Zahrawi)। পাশ্চাত্যে তিনি Albucasis নামে পরিচিত। তাকে আধুনিক শল্যচিকিৎসার (Surgery) জনক বলা হয়। তার রচিত ‘আত-তাসরিফ’ বহু শতাব্দী ধরে ইউরোপের চিকিৎসাবিদ্যার প্রধান পাঠ্যগ্রন্থ ছিল।

আরেক কিংবদন্তি চিকিৎসক ইবনে জুহর (Avenzoar) রোগ নির্ণয়, ওষুধ প্রস্তুত ও চিকিৎসা-পদ্ধতিতে এমনসব নতুন ধারণা উপস্থাপন করেন, যা পরবর্তী চিকিৎসাবিজ্ঞানের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জ্যোতির্বিজ্ঞানে মুসলিমদের স্বর্ণযুগ

ইসলামে নামাজের সময় নির্ধারণ, রমজান ও ঈদের চাঁদ দেখা এবং হিজরি বর্ষপঞ্জি প্রণয়নের প্রয়োজনীয়তা মুসলিমদের জ্যোতির্বিজ্ঞানে গভীর গবেষণায় উদ্বুদ্ধ করেছিল।

এই ক্ষেত্রে আল-মাজরিতি ছিলেন আন্দালুসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞান, গণিত, রসায়ন ও অর্থনীতিতে তার অবদান ছিল যুগান্তকারী। রসায়নে ‘মার্কারি অক্সাইড’-এর ব্যবহারেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

একই সঙ্গে ইবনে হাজম ফিকহ, দর্শন, ইতিহাস, চিকিৎসা ও তুলনামূলক ধর্মতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে প্রায় চার শতাধিক গ্রন্থ রচনা করেছিলেন। যদিও বর্তমানে তার অল্পসংখ্যক গ্রন্থ সংরক্ষিত রয়েছে, তবুও তার জ্ঞানভাণ্ডারের প্রভাব আজও অমলিন।

আর ইবনে আজ-জারকালি (Arzachel) সূক্ষ্ম জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র নির্মাণে বিশ্বখ্যাত ছিলেন। তার নির্মিত ‘টলেডো জলঘড়ি’ এবং জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র ইউরোপীয় বিজ্ঞানীদের দীর্ঘদিন পথ দেখিয়েছে।

ভূগোল ও মানচিত্রবিদ্যায় নতুন দিগন্ত

আন্দালুসের মুসলিম ভূগোলবিদরা শুধু পূর্বসূরিদের জ্ঞান অনুসরণ করেননি; বরং গণিত ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে পৃথিবীর আরও নির্ভুল মানচিত্র ও ভৌগোলিক তত্ত্ব উপস্থাপন করেছিলেন।

এই ক্ষেত্রের সর্বাধিক খ্যাতিমান মনীষী শরিফ আল-ইদ্রিসি। তার রচিত ‘নুজহাতুল মুশতাক ফি ইখতিরাকিল আফাক’ মধ্যযুগের অন্যতম নির্ভরযোগ্য ভূগোলগ্রন্থ হিসেবে বিবেচিত হয়।

এছাড়া আবু উবাইদ আল-বাকরি তার বিখ্যাত ‘কিতাবুল মাসালিক ওয়াল মামালিক’ গ্রন্থে বিশ্বের বিভিন্ন অঞ্চল, জনগোষ্ঠী ও বাণিজ্যপথ সম্পর্কে মূল্যবান তথ্য সংরক্ষণ করেছেন।

প্রকৌশল, গণিত ও উদ্ভাবনের বিস্ময়

আন্দালুসের বৈজ্ঞানিক অগ্রগতির আরেকটি শক্তিশালী ভিত্তি ছিল প্রকৌশল ও গণিত। ইবনে আস-সামহ গণিত, জ্যোতির্বিজ্ঞান ও প্রকৌশলে অসাধারণ অবদানের জন্য ‘আল-মুহানদিস’ (প্রকৌশলী) উপাধিতে সম্মানিত হয়েছিলেন।

আর আব্বাস ইবনে ফিরনাস ছিলেন এক বিস্ময়কর বহুমুখী প্রতিভা। দর্শন, প্রকৌশল, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও কবিতায় সমান দক্ষ এই মনীষীকে ‘হাকিমুল আন্দালুস’ বলা হতো। মানবজাতির আকাশে ওড়ার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার প্রথম সাহসী প্রচেষ্টাগুলোর অন্যতম কৃতিত্ব তার। নিজস্ব নকশায় তৈরি ডানা ব্যবহার করে তিনি কর্ডোবায় ঐতিহাসিক উড্ডয়নের চেষ্টা করেন, যা পরবর্তী বিমান প্রযুক্তির ইতিহাসে অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

আন্দালুসের ইতিহাস কেবল মুসলিম শাসনের রাজনৈতিক গৌরবের কাহিনি নয়; এটি জ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণের এক উজ্জ্বল সভ্যতার ইতিহাস। ইমাম কুরতুবির তাফসির, আল-জাহরাউইর শল্যচিকিৎসা, আল-ইদ্রিসির মানচিত্র, আল-মাজরিতির জ্যোতির্বিজ্ঞান কিংবা আব্বাস ইবনে ফিরনাসের উদ্ভাবনী চিন্তা—সবই প্রমাণ করে যে, জ্ঞানচর্চা ও সৃজনশীলতাই ছিল আন্দালুসের প্রকৃত শক্তি।

আজকের আধুনিক বিশ্বের বহু বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির পেছনে আন্দালুসের মুসলিম মনীষীদের অবদান গভীরভাবে প্রোথিত। তাদের জীবন আমাদের শেখায়—একটি জাতি যখন জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও সৃজনশীলতাকে আপন করে নেয়, তখন সেই জাতিই বিশ্বসভ্যতার নেতৃত্ব দিতে সক্ষম হয়। তাই আন্দালুস শুধু অতীতের একটি স্মৃতি নয়; এটি ভবিষ্যৎ নির্মাণের জন্যও এক চিরন্তন প্রেরণার নাম।

সূত্র: মাউদু-৩ ডটকম

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম