আত্তাহিয়াতু: নামাজের হৃদয়স্পর্শী দোয়া ও ইমানের ঘোষণা
Advertisement
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
আত্তাহিয়াতুর শিক্ষণীয় বিষয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আত্তাহিয়াতু— সুন্দর একটি গল্প! যার প্রতিটি শব্দে রয়েছে তাওহিদ, সম্মান ও ইমানের ঘোষণা। নামাজ যেমন একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর নামাজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি হলো তাশাহহুদ, যা আমরা ‘আত্তাহিয়াতু’ নামে জানি। এই দোয়ার প্রতিটি বাক্যে রয়েছে মহান আল্লাহর প্রশংসা, প্রিয় নবী মুহাম্মাদ (সা.)-এর প্রতি সালাম, নেককার বান্দাদের জন্য দোয়া এবং ইমানের সর্বোচ্চ ঘোষণা।
সমাজে একটি কথা প্রচলিত আছে যে, আত্তাহিয়াতুর বাক্যগুলো মিরাজের রাতে আল্লাহ ও রাসুল (সা.)-এর কথোপকথনের অংশ। তবে নির্ভরযোগ্য হাদিসে এ বিষয়ে কোনো সহিহ বর্ণনা নেই। তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত সহিহ কুরআন ও সুন্নাহর আলোকে বিষয়টি জানা এবং অন্যদের কাছেও সঠিক তথ্য পৌঁছে দেওয়া।
আত্তাহিয়াতুর আরবি, উচ্চারণ ও অর্থ
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণ: ‘আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ।’
অর্থ: ‘সমস্ত সম্মান, সকল ইবাদত এবং সব পবিত্র কথা ও কাজ একমাত্র আল্লাহর জন্য। হে নবী! আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের ওপর এবং আল্লাহর সকল নেক বান্দার ওপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা.) তাঁর বান্দা ও রাসুল।’
কুরআনের আলোকে
১. সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
‘বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু— সবই আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক।’ (সুরা আল-আনআম: আয়াত ১৬২)
২. নবী (সা.)-এর প্রতি সালাম ও দরুদ
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
‘নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরাও তার প্রতি দরুদ ও পূর্ণ সালাম পাঠাও।’ (সুরা আল-আহযাব: আয়াত ৫৬)
সহিহ হাদিসের আলোকে
১. রাসুল (সা.) সাহাবিদের আত্তাহিয়াতু শিক্ষা দিয়েছেন
হজরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের তাশাহহুদ এমনভাবে শিক্ষা দিতেন, যেমন তিনি আমাদের কুরআনের একটি সূরা শিক্ষা দিতেন। এরপর তিনি এই আত্তাহিয়াতুর দোয়া শিক্ষা দেন। (বুখারি ৮৩১, মুসলিম ৪০২)
২. ‘আসসালামু আলাইনা...’-এর ফজিলত
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমরা বলো—
السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
তখন এই দোয়া আসমান ও জমিনের প্রত্যেক নেক বান্দার কাছে পৌঁছে যায়।’ (বুখারি ৮৩১)
আত্তাহিয়াতুর শিক্ষণীয় বিষয়
- সকল সম্মান ও ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত।
- নবী মুহাম্মাদ (সা.)-এর প্রতি ভালোবাসা, সম্মান ও সালাম প্রকাশ করা।
- নিজের জন্য এবং সকল নেককার মুসলিমের জন্য দোয়া করা।
- তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য পুনর্নবায়ন করা।
- প্রতিটি নামাজে ইমানকে আরও দৃঢ় করা।
আত্তাহিয়াতু শুধু নামাজের একটি দোয়া নয়; এটি একজন মুমিনের আকিদা, ইবাদত, ভালোবাসা এবং ইমানের এক অনন্য ঘোষণা। তাই এর অর্থ বুঝে, মনোযোগ ও খুশু-খুজুর সঙ্গে পড়া উচিত। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আত্তাহিয়াতু মিরাজের রাতে আল্লাহ ও রাসুল (সা.)-এর কথোপকথন ছিল—এ কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ইসলামের সৌন্দর্য হলো, আমরা যে বিষয় প্রচার করি তা যেন কুরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ইলম অর্জন ও তার ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

