Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

কাবা শরিফের ইমাম

স্বপ্নের ওপর ভিত্তি করে ধর্মীয় বিধান নির্ধারণ করা যাবে না

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

স্বপ্নের ওপর ভিত্তি করে ধর্মীয় বিধান নির্ধারণ করা যাবে না

ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। ছবি: সংগৃহীত

পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবায় গণক, জ্যোতিষী ও ভাগ্য গণনাকারীদের শরণাপন্ন হওয়ার বিষয়ে মুসল্লিদের সতর্ক করেছেন কাবা শরিফের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি স্পষ্ট করে বলেন, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারলেও এর ওপর ভিত্তি করে কোনো ধর্মীয় বিধান বা শরিয়তের কোনো নতুন নিয়ম প্রতিষ্ঠা করা যায় না।

শুক্রবার (১৪ আগস্ট) খুতবায় তিনি উল্লেখ করেন, ভবিষ্যৎ জানার কৌতূহল থেকে অনেকে জ্যোতিষী ও গণকদের কাছে যান, যা থেকে মুসলমানদের বিরত থাকা জরুরি। কারণ, গায়েব বা অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলারই। ইসলামি দৃষ্টিকোণ থেকে সব স্বপ্নের গুরুত্ব এক নয়, তাই কোনো স্বপ্ন দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কিংবা ভবিষ্যৎ নিশ্চিত মনে করা ঠিক নয়।

খুতবায় শায়খ বিন হুমাইদ স্বপ্নের তিনটি প্রধান প্রকারভেদ তুলে ধরেন—

সত্য স্বপ্ন (রু’ইয়া): এটি আল্লাহর পক্ষ থেকে আসা সুসংবাদ বা কল্যাণের বার্তা হতে পারে। তবে এটি শরিয়তের বিধানের কোনো ভিত্তি নয়।

শয়তানি দুঃস্বপ্ন: যা মানুষের মধ্যে ভয়, অস্থিরতা ও দুশ্চিন্তা তৈরি করে। এমন স্বপ্ন কাউকে না বলে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে এড়িয়ে চলার নির্দেশ রয়েছে।

মানসিক প্রতিফলন: মানুষের দৈনন্দিন চিন্তা, ভয়, আশা-আকাঙ্ক্ষা কিংবা অভিজ্ঞতার প্রতিফলন, যা ঘুমের মধ্যে দেখা যায়। এগুলোর কোনো আধ্যাত্মিক বা ভবিষ্যদ্বাণীমূলক গুরুত্ব নেই।

শায়খ সালেহ বিন হুমাইদ আরও বলেন, স্বপ্নের ব্যাখ্যা কোনো অনুমাননির্ভর বা হালকা বিষয় নয়; এর জন্য কুরআন-সুন্নাহ ও দ্বীনি জ্ঞানের গভীরতা প্রয়োজন। মনগড়া ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি, ভয় বা অযথা প্রত্যাশা তৈরি করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে ধর্মীয় বিশ্বাস (আকিদা), শরিয়তের বিধান বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কেবল স্বপ্নের ওপর নির্ভর করা মারাত্মক বিপজ্জনক।

অদৃশ্যের জ্ঞান জানার মানবীয় দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারক চক্র বিভ্রান্তি ছড়ায় উল্লেখ করে তিনি সবাইকে গণকদের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মুসলমানদের আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধানের ওপর অবিচল থাকার তাগিদ দেন।

সূত্র: হারামাইন আর্কাইভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম