Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ইফতারে ছোলা কাঁচা নাকি সেদ্ধ—কোনটি বেশি উপকারী?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

ইফতারে ছোলা কাঁচা নাকি সেদ্ধ—কোনটি বেশি উপকারী?

ইফতারে ছোলা কাঁচা নাকি সেদ্ধ—কোনটি বেশি উপকারী? ছবি: সংগৃহীত

Advertisement

রোজা এলেই ইফতারের টেবিলে ছোলা প্রায় অপরিহার্য একটি খাবার। দীর্ঘ সময় রোজা রাখার পর পুষ্টি জোগাতে অনেকেই এ ডালজাতীয় খাদ্যের ওপর নির্ভর করেন। তবে প্রশ্ন ওঠে—ভিজিয়ে কাঁচা ছোলা খাওয়া ভালো, নাকি সেদ্ধ করে? 

পুষ্টিবিদদের মতে, দুইভাবেই ছোলা উপকারী; তবে ব্যক্তির হজমক্ষমতা ও শারীরিক অবস্থার ভিত্তিতে পদ্ধতি বেছে নেওয়া উচিত।

সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছোলা উচ্চমাত্রার প্রোটিন, ডায়েটারি ফাইবার, ভিটামিন বি-কমপ্লেক্স, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজে সমৃদ্ধ। এসব উপাদান শক্তি জোগায়, পেশি গঠনে সহায়তা করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে। বিশেষ করে এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। হজম প্রক্রিয়া ধীর হওয়ায় গ্লুকোজ ধীরে রক্তে মেশে, ফলে হঠাৎ সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কমে—যা টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

এ ছাড়া ছোলা দীর্ঘ সময় পেট ভরা রাখে, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক। নিয়মিত খেলে খারাপ কোলেস্টেরল কমাতেও ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ভিজানো ছোলা: কীভাবে ও কার জন্য

কাঁচা ছোলা সরাসরি খাওয়া ঠিক নয়। অন্তত ৮–১০ ঘণ্টা বা সারারাত পানিতে ভিজিয়ে রাখলে তা নরম হয় এবং হজম সহজ হয়। ভিজানো ছোলার খোসা ছাড়িয়ে লবণ, কাঁচা মরিচ, লেবুর রস বা শসা মিশিয়ে সালাদ হিসেবে খাওয়া যায়। এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে, দ্রুত শক্তি মেলে এবং দীর্ঘ সময় তৃপ্তি বজায় থাকে।

তবে সবার জন্য ভিজানো ছোলা সমানভাবে সহনীয় নাও হতে পারে। কারও কারও ক্ষেত্রে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। তাই হজমে সমস্যা থাকলে পরিমাণ বুঝে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

সেদ্ধ ছোলা: হজমে স্বস্তি

ছোলা ভিজিয়ে সেদ্ধ করলে তা আরও নরম হয় এবং সহজপাচ্য হয়। অল্প লবণ ও সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করলে স্বাদ বাড়ে এবং হজমেও সহায়ক হতে পারে। সেদ্ধ ছোলা দিয়ে পেঁয়াজ, টমেটো, শসা, ধনেপাতা ও লেবুর রস মিশিয়ে স্বাস্থ্যকর সালাদ তৈরি করা যায়।

বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যা আছে, তাদের জন্য সেদ্ধ ছোলা তুলনামূলক নিরাপদ বিকল্প। এতে পেট ফাঁপার ঝুঁকি কম থাকে।

শেষ কথা

পুষ্টিবিদদের মতে, ভিজানো ও সেদ্ধ—দুইভাবেই ছোলা পুষ্টিকর। বেশি ফাইবার ও শক্তির জন্য ভিজানো ছোলা ভালো, আর হজমে সংবেদনশীলদের জন্য সেদ্ধ ছোলা উপযোগী। তবে যেভাবেই খাওয়া হোক, অতিরিক্ত লবণ বা মশলা এড়িয়ে চলাই স্বাস্থ্যকর। বিশেষ করে কিডনি সমস্যায় ভুগলে নিয়মিত ছোলা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম