Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ডুমুর কেবল সুস্বাদু সবজিই নয়, আয়রন ও খনিজ উপাদানে ভরপুর: জয়া আহসান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৪৩ এএম

ডুমুর কেবল সুস্বাদু সবজিই নয়, আয়রন ও খনিজ উপাদানে ভরপুর: জয়া আহসান

Advertisement

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কাজের সূত্রে কলকাতা আসা-যাওয়ার মাঝে থাকলেও অবসরযাপনের জন্য পদ্মাপারের বাড়িই তার প্রথম পছন্দ। রুপালি পর্দার বাইরে একেবারে অন্যরকম তিনি। 

বিনোদন দুনিয়ার চাকচিক্যের ছিটেফোঁটাও নেই তার বাস্তব জীবনে। সহজ, মাটির কাছাকাছি আর প্রকৃতিপ্রেমী একজন মানুষ তিনি। ঢালিউডের পাশাপাশি বলিউড-টালিউডের চরম ব্যস্ততা আর তারকাখ্যাতির মধ্যেও ঘরোয়া জীবনের প্রতি এক অমোঘ আকর্ষণ, যা তাকে প্রকৃতিপ্রেমী বললেও অত্যুক্তি হবে না। 

সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিগতজীবন আড়ালে রাখলেও তার বাড়িতে প্রকৃতির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এসবই তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। 

প্রকৃতির প্রতি জয়ার ভালোবাসার কথা কারও অজানা নয়। পরম যত্নে বাড়ির ছাদবাগানের পরিচর্চা করেন তিনি। মৌসুমের ফল, সবজির বাগানের টাটকা সবজির নানান ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী।

এবার জয়া আহসান তার ছাদবাগানের বাম্পার ফলন— দেশি ডুমুর বা কাকডুমুরের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। তার ছাদবাগানে রয়েছে পেঁপে থেকে নানারকমের সবজি, কলা, কাঠলিচুসহ আরও অনেক কিছু। রয়েছে বাহারি ফুলের সমাহার। সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের জন্য এবার দেশি ডুমুর বা কাকডুমুরের ছবি শেয়ার করে জানান দিয়েছেন তিনি।

সেই সঙ্গে ডুমুর বা কাকডুমুরের পুষ্টিগুণ ও রান্নার টিপস দিয়েছেন অভিনেত্রী। জয়া আহসান জানিয়েছেন, ডুমুর কেবল সুস্বাদু সবজিই নয়, আয়রন এবং খনিজ উপাদানে ভরপুর, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

ছবি শেয়ার করে জয়া আহসান আরও লিখেছেন— ‘খাদ্য হিসেবে ডুমুর বা কাকডুমুর খুবই পুষ্টিকর। রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন।’

এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়, যা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আছে ফাইবার, যা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা রাখে। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। আবার ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে এবং ইনস্যুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

গাছের ডুমুর দেখেই জয়ার মনে পড়ে যায়, ‘মাংসের মসলা ব্যবহার করে মা ডুমুর দিয়ে একটা দারুণ পদ রান্না করে দেয়।’ এরপরই কমেন্টবক্সে ডুমুরের তরকারি নিয়ে নেটিজেনদের একাধিক মন্তব্য জমা পড়েছে। 

জয়ার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নজর রাখলেই দেখা যায়, নিজের বাগান থেকেই ব্যাগভর্তি সবজি নিয়ে ঘরে আসেন। তার ছাদবাগানে বাম্পার ফলন সে কথা বলার অপেক্ষাই রাখে না। 

বাগান করা জয়া আহসানের শখ, সে কথা নিজেই বলেছেন অভিনেত্রী। ছাদ ও ব্যালকনির চারপাশে প্রায় শতাধিক ফল ও সবজির গাছ, করোনায় তার বেশিরভাগ সময় কেটেছে সেই বাগানে। তখন নতুন গাছ লাগানো আর পরিচর্যা করেই দিন কাটিয়েছেন জয়া আহসান। নিজের বাড়িতে অবসরযাপনের এই টুকরো মুহূর্তগুলো তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন জয়া আহসান।

শহরের আনাচে-কানাচে গজিয়ে ওঠা ফ্ল্যাটের মাঝে জয়ার বাড়ির ছাদবাগান এক টুকরো স্বস্তির আশ্রয় তা বলাই যায়। উপহার হিসেবে গাছ পেলে দারুণ খুশি হন জয়া আহসান। সুযোগ পেলে বিদেশ থেকেও গাছ নিয়ে আসেন তিনি।

একটু পেছন ফিরে তাকালে মনে পড়ে যায়, ভারত থেকে পেয়ারাগাছ নিয়ে আসার সময় বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিংয়ের তা দেখেই কর্মীরা হেসে ফেলেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম