Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

বাজার থেকে ডিম কিনছেন? মুহূর্তেই বুঝে নিন টাটকা নাকি পচা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

বাজার থেকে ডিম কিনছেন? মুহূর্তেই বুঝে নিন টাটকা নাকি পচা

ডিম ভাঙার পরও এর সতেজতা যাচাই করা যায়। টাটকা ডিমের সাদা অংশ সাধারণত ঘন ও কিছুটা আঠালো হয়। ছবি: সংগৃহীত

Advertisement

ডিমকে প্রোটিনের অন্যতম সেরা উৎস হিসেবে ধরা হয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এটি অনেকেরই অপরিহার্য। তবে এই ভ্যাপসা গরমে অন্যান্য খাবারের মতো ডিমও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সমস্যা হলো, বাইরে থেকে দেখে সব সময় বোঝা যায় না ডিমটি টাটকা নাকি কয়েক দিনের পুরোনো।

ফলে অনেকেই না বুঝে পচা ডিম কিনে বাড়ি ফেরেন। খাওয়া তো হয়ই না, উল্টে অর্থেরও অপচয় হয়। আবার দোকানেই ডিম ভেঙে পরীক্ষা করাও সম্ভব নয়। তাহলে উপায় কী?

অনেকে ডিমের কার্টনে লেখা তারিখ দেখে সিদ্ধান্ত নেন। কিন্তু সেই তারিখ সব সময় ডিমের সতেজতা নির্দেশ করে না। কোথাও সেটি প্যাকেজিংয়ের তারিখ, আবার কোথাও ‘বেস্ট বাই’ তারিখ। আর কার্টন থেকে আলাদা করে রাখা ডিমের ক্ষেত্রে বিষয়টি আরও কঠিন হয়ে যায়। তবে কয়েকটি সহজ কৌশল জানলে খুব সহজেই বুঝে নেওয়া যায় ডিম ভালো আছে কি না।

১. জলে ভাসানোর পরীক্ষা

ডিম টাটকা কি না যাচাই করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ‘ফ্লোট টেস্ট’ বা জলে ভাসানোর পরীক্ষা। একটি পাত্রে এতটা ঠান্ডা জল নিন যাতে ডিম পুরোপুরি ডুবে যায়। এরপর ডিমটি আস্তে করে জলের মধ্যে ছেড়ে দিন—

> ডিম যদি একেবারে তলায় গিয়ে আড়াআড়িভাবে শুয়ে থাকে, তাহলে সেটি একদম টাটকা।

> ডিম যদি তলায় গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায় বা কিছুটা কাত হয়ে থাকে, তাহলে সেটি কয়েক দিনের পুরোনো। সাধারণত এমন ডিম খাওয়ার জন্য নিরাপদ হলেও বেশি দিন সংরক্ষণ না করাই ভালো।

> আর যদি ডিমটি জলের ওপর ভেসে ওঠে, তাহলে সেটি ব্যবহার না করাই উত্তম। এমন ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

২. কেন জলে ভেসে ওঠে ডিম?

সময়ের সঙ্গে সঙ্গে ডিমের খোসার অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাতাস ভেতরে ঢুকতে থাকে। ফলে ডিমের ভেতরের বায়ুথলি বা এয়ার পকেট ধীরে ধীরে বড় হয়ে যায়। যত বেশি বাতাস জমে, ডিম তত হালকা হয়ে জলে ভেসে ওঠে। বিপরীতে, টাটকা ডিমে বায়ুথলি ছোট থাকে বলে তা সহজেই ডুবে যায়।

৩. ডিম ভাঙার পর কীভাবে বুঝবেন?

ডিম ভাঙার পরও এর সতেজতা যাচাই করা যায়। টাটকা ডিমের সাদা অংশ সাধারণত ঘন ও কিছুটা আঠালো হয়। কুসুম থাকে গোলাকার, উঁচু এবং শক্ত। অন্যদিকে পুরোনো ডিমের সাদা অংশ পাতলা ও জলীয় হয়ে যায়। কুসুমও তুলনামূলক চ্যাপ্টা দেখায়।

দুর্গন্ধ হলে সাবধান

নষ্ট ডিম চেনার সবচেয়ে সহজ উপায় হলো গন্ধ। ডিম ভাঙার সঙ্গে সঙ্গে যদি পচা বা সালফারের মতো তীব্র দুর্গন্ধ বের হয়, তাহলে সেটি অবিলম্বে ফেলে দেওয়া উচিত।

৪. ডিম সংরক্ষণের সঠিক উপায়

ডিম দীর্ঘদিন ভালো রাখতে চাইলে সবসময় ফ্রিজে সংরক্ষণ করুন। সম্ভব হলে ডিম তার মূল কার্টনেই রাখুন। এতে বাইরের গন্ধ ডিমের মধ্যে প্রবেশ করতে পারে না এবং ডিমের গুণগত মান দীর্ঘ সময় বজায় থাকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম