এসির যে সেটিংস বদলালেই কমবে বিদ্যুৎ বিল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গরমের তীব্রতায় অনেক পরিবারেই এখন প্রতিদিন দীর্ঘ সময় এসি চালাতে হচ্ছে। এর ফলে মাস শেষে বিদ্যুৎ বিলও বেড়ে যাচ্ছে উল্লেখযোগ্যভাবে। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন এসি কেনার পরিবর্তে সঠিকভাবে ব্যবহার ও কিছু প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করেই বিদ্যুৎ খরচ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা ১৮ বা ২০ ডিগ্রি সেলসিয়াসে না রেখে ২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট করাই সবচেয়ে উপযোগী। এতে ঘর আরামদায়ক থাকে এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম হয়। ভারতের ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির তথ্য অনুযায়ী, তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ালে প্রায় ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে।
এসির অটো ফ্যান মোড ব্যবহার করলে ঘরের তাপমাত্রা অনুযায়ী ফ্যানের গতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এতে কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে না। একইভাবে রাতে স্লিপ মোড চালু রাখলে নির্দিষ্ট সময় পর এসি নিজেই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়িয়ে দেয়, যা আরামদায়ক ঘুমের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েও সহায়ক।
যেসব এসিতে ইকো মোড রয়েছে, সেগুলো ব্যবহার করলে প্রয়োজন অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ হয়। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ড্রাই মোড ব্যবহার করাও কার্যকর হতে পারে। এতে ঘরের আর্দ্রতা কমে এবং অনেক ক্ষেত্রে কুল মোডের তুলনায় কম বিদ্যুৎ ব্যয় হয়।
বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, রাতে এসি চালিয়ে ঘুমানোর সময় টাইমার ব্যবহার করা উচিত। এতে প্রয়োজন শেষ হলে এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধ করে।
এ ছাড়া প্রতি দুই থেকে চার সপ্তাহ অন্তর এসির ফিল্টার পরিষ্কার রাখা, এসি চালানোর সময় দরজা-জানালা বন্ধ রাখা এবং সরাসরি রোদ এড়াতে পর্দা ব্যবহার করলে কুলিং দক্ষতা বাড়ে।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, কেবল সেটিংস বদলালেই বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে—এমন ধারণা সঠিক নয়। বিদ্যুৎ সাশ্রয় নির্ভর করে এসির স্টার রেটিং, ঘরের আকার, বাইরের তাপমাত্রা, ইনসুলেশন এবং প্রতিদিন কতক্ষণ এসি ব্যবহার করা হচ্ছে—এসব বিষয়ের ওপরও। তাই নতুন এসি কেনার ক্ষেত্রে স্মার্ট ফিচারের পাশাপাশি উচ্চ এনার্জি এফিসিয়েন্সি বা ভালো স্টার রেটিংকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
