ডায়াবেটিস ধরা পড়ার আগেই শরীরে দেখা দিতে পারে যে ৫ লক্ষণ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অস্বাভাবিক বেশি তৃষ্ণা লাগছে কিংবা হঠাৎ ঝাপসা দেখছেন? এসব উপসর্গকে অনেক সময় সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাওয়া হয়। তবে এগুলো রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার বা হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণও হতে পারে। বিশেষ করে যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হিসেবে শনাক্ত হননি, তাদের ক্ষেত্রে শরীরের এমন সংকেতের দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ।
মেডিসিন বিশেষজ্ঞরা উচ্চ রক্তশর্করার পাঁচটি সতর্কতামূলক লক্ষণ তুলে ধরে এসব লক্ষণের ব্যাখ্যাও দেন।
১. স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হওয়া
রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে কিডনি ফিল্টার করা সব গ্লুকোজ পুনরায় শোষণ করতে পারে না। ফলে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়। গ্লুকোজের সঙ্গে পানি বেরিয়ে যাওয়ায় প্রস্রাবের পরিমাণ ও ঘনত্ব—দুটিই বাড়তে পারে। এ কারণে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে।
২. বেশি তৃষ্ণা পাওয়া
ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে গেলে পানিশূন্যতা তৈরি হতে পারে। রক্তও তুলনামূলক বেশি ঘন হয়ে যায়। তখন মস্তিষ্ক শরীরে পানির ঘাটতি পূরণ করতে তৃষ্ণার অনুভূতি বাড়িয়ে দেয়। এর ফলে বারবার পানি পান করার পরও তৃষ্ণা মিটছে না বলে মনে হতে পারে। মুখও অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে পারে।
৩. মাঝে মাঝে ঝাপসা দেখা
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের লেন্সে পানির ভারসাম্য, আকৃতি ও ফোকাস করার ক্ষমতায় সাময়িক পরিবর্তন ঘটতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ওঠানামার সঙ্গে দৃষ্টিও ঝাপসা বা পরিবর্তনশীল মনে হতে পারে।
তবে দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে চোখের রেটিনার রক্তনালিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে দৃষ্টিশক্তির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
৪. কাটা-ছেঁড়া বা ক্ষত সারতে দেরি হওয়া
শরীরে দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে রক্ত সঞ্চালন, রোগ প্রতিরোধী কোষের কার্যকারিতা, কোলাজেন তৈরি এবং নতুন রক্তনালি গঠনের প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।
এ ছাড়া ডায়াবেটিসজনিত স্নায়ু ক্ষতির কারণে কোনো আঘাত বা ক্ষত সহজে টের নাও পাওয়া যেতে পারে। ফলে ক্ষত আরও খারাপ হওয়ার পাশাপাশি বারবার খুলে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।
৫. বারবার ইস্ট ইনফেকশন হওয়া
বিশেষ করে যৌনাঙ্গে বারবার ইস্ট ইনফেকশন হওয়াও উচ্চ রক্তশর্করার সঙ্গে সম্পর্কিত হতে পারে। চিকিৎসকদের মতে, রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। এতে ক্যানডিডা নামের ইস্টের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
একই সঙ্গে দীর্ঘদিনের হাইপারগ্লাইসেমিয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করতে পারে। ফলে বারবার যৌনাঙ্গে ইস্ট সংক্রমণ হওয়ার প্রবণতা বাড়তে পারে।
উপসর্গ দেখা দিলে কী করবেন?
উপরের কোনো একটি লক্ষণ দেখা দিলেই যে রক্তে শর্করা বেড়েছে বা ডায়াবেটিস হয়েছে—এমন নয়। তবে একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী রক্তে গ্লুকোজ পরীক্ষা করা যেতে পারে।

-6a9d61244347e.jpg)