Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

গরমে ত্বকের যত্নে যে ৭ ভুল এড়িয়ে চলবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

গরমে ত্বকের যত্নে যে ৭ ভুল এড়িয়ে চলবেন

Advertisement

গ্রীষ্মের তীব্র গরম শুধু শরীরের জন্যই অস্বস্তিকর নয়, এ সময় ত্বকের ওপরও বাড়তি চাপ পড়ে। প্রচণ্ড রোদ, অতিরিক্ত ঘাম, ধুলো ময়লা ও দূষণের কারণে ত্বক হারাতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা। অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে শুষ্কতা, জ্বালাপোড়া কিংবা ব্রণের মতো সমস্যাও। তাই গরমে ত্বকের যত্ন নেওয়ার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি—

১. সানস্ক্রিন না লাগানো

গরমের দিনে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা ত্বকের যত্নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। শুধু তীব্র রোদে নয়, দিনের বেলায় বাইরে বের হলে অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিতে সানস্ক্রিন প্রয়োজন।কমপক্ষে এসপিএফ ৩০ এর সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। শুধু মুখে নয়, ঘাড়, হাতসহ শরীরের যে অংশগুলো রোদের সংস্পর্শে আসে, সেখানেও সানস্ক্রিন লাগানো উচিত। দুই ঘণ্টা পর পর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

২. অতিরিক্ত এক্সফোলিয়েশন

ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন উপকারী হলেও অতিরিক্ত করলে উলটো ক্ষতি হতে পারে। বারবার স্ক্রাব বা এক্সফোলিয়েটর ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে শুষ্কতা, লালচে ভাব ও সংবেদনশীলতা বাড়তে পারে।

৩. পানি কম পান করা

গরমে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। পর্যাপ্ত পানি না পান করলে শরীরে পানিশূন্যতার পাশাপাশি ত্বকেও তার প্রভাব দেখা দিতে পারে। ত্বক তখন নিষ্প্রাণ, রুক্ষ বা শুষ্ক দেখাতে পারে।

তাই গরমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করার অভ্যাস করুন। পাশাপাশি ত্বকের ধরন অনুযায়ী হালকা ও হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। 

৪. চোখের চারপাশের ত্বক অবহেলা করা

চোখের চারপাশের ত্বক মুখের অন্যান্য অংশের তুলনায় পাতলা ও সংবেদনশীল। ফলে সূর্যের আলো থেকে এই অংশটিও সুরক্ষার প্রয়োজন হয়। এই অংশে কোনো পণ্য ব্যবহারের ক্ষেত্রে মৃদু ফর্মুলা বেছে নেওয়া ভালো। বাইরে যাওয়ার সময় সানগ্লাস ব্যবহার করলে চোখের পাশাপাশি চোখের আশপাশের অংশও সরাসরি সূর্যের আলো থেকে কিছুটা সুরক্ষা পেতে পারে।

৫. ত্বকের ধরন না বুঝে প্রসাধনী ব্যবহার

বিজ্ঞাপন দেখে বা অন্য কারও ব্যবহারে ভালো ফল পেয়েছে বলে একই পণ্য নিজের ত্বকে ব্যবহার করা ঠিক নয়। একেক ধরনের ত্বকে একই প্রসাধনী ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

বিশেষ করে গরমের সময়ে অতিরিক্ত ভারী বা ত্বকের জন্য অনুপযুক্ত পণ্য ব্যবহার করলে ব্রণ, জ্বালা কিংবা অস্বস্তি বাড়তে পারে। 

৬. ত্বক পরিষ্কার করতে অতিরিক্ত ঘষাঘষি

দিনভর ঘাম, সানস্ক্রিন, ধুলা ও দূষণের কারণে ত্বকে ময়লা জমতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে লোমকূপ বন্ধ হয়ে ব্রণসহ বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। মৃদু ক্লিনজ়ার বেছে নিন, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট না করে ময়লা পরিষ্কার করতে পারে।

৭. ঠোঁটের যত্ন ভুলে যাওয়া

মুখের যত্ন নেওয়ার সময় ঠোঁটকে অনেকেই বাদ দিয়ে দেন। অথচ গরমের তীব্র রোদ ও শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁটও শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। ঠোঁট আর্দ্র রাখতে নিয়মিত লিপ বাম ব্যবহার করুন। 

গরমে ত্বক ভালো রাখতে একদিন বেশি যত্ন নিলেই যথেষ্ট নয়। বরং প্রতিদিনের সহজ ও নিয়মিত রুটিনই বেশি গুরুত্বপূর্ণ। অন্যের ত্বকের সঙ্গে নিজের ত্বকের তুলনা না করে নিজের ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে পণ্য বেছে নেওয়া উচিত। সঠিক যত্ন ও নিয়মিত অভ্যাসের মাধ্যমে গরমের দিনেও ত্বকের স্বাভাবিক সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম