অফিসের বস ছুটি না দিলে পরিস্থিতি সামলাবেন যেভাবে
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
কর্মক্ষেত্রে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অধিকার, দায়িত্ব এবং প্রতিষ্ঠানের নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
|
ফলো করুন |
|
|---|---|
কর্মক্ষেত্রে ছুটি নিয়ে জটিলতায় পড়েন অনেক কর্মী। প্রয়োজনীয় ছুটির আবেদন করার পরও যদি তা অনুমোদন না হয়, তাহলে হতাশা তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অধিকার, দায়িত্ব এবং প্রতিষ্ঠানের নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
নিজের অধিকার সম্পর্কে জানুন
বাংলাদেশের শ্রম আইন এবং প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালায় কর্মীদের জন্য বিভিন্ন ধরনের ছুটির বিধান রয়েছে। তাই প্রথমেই জেনে নিন আপনি কোন ধরনের ছুটির জন্য যোগ্য এবং কী শর্তে তা পাওয়া যায়।
কিছু ছুটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোগ করতে হয়, আবার কিছু ছুটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়। অর্জিত ছুটি (আর্নড লিভ) ব্যবহার না করলে অনেক ক্ষেত্রে এর বিপরীতে আর্থিক সুবিধাও পাওয়া যায়। অন্যদিকে কিছু ছুটির ক্ষেত্রে বেতন কাটা যেতে পারে, যা ‘লিভ উইদাউট পে’ নামে পরিচিত।
এ ছাড়া সরকারি বা বিশেষ ছুটির দিনে কাজ করলে পরবর্তীতে সেই ছুটি ভোগের সুযোগ কিংবা অতিরিক্ত ভাতা পাওয়ার বিধান আছে কি না, সেটিও জানা উচিত। এসব বিষয়ে কোনো অস্পষ্টতা থাকলে মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে আলোচনা করা যেতে পারে।
দায়িত্বের বিষয়টিও বিবেচনায় রাখুন
ছুটি পাওয়া কর্মীর অধিকার হলেও দায়িত্বশীলভাবে কাজ সম্পন্ন করাও তার কর্তব্য। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি নিয়েই একজন কর্মী প্রতিষ্ঠানে যোগ দেন। তাই গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ রেখে ছুটির আবেদন করা উচিত নয়।
তবে হঠাৎ অসুস্থতা, পারিবারিক জরুরি পরিস্থিতি বা অন্য কোনো অনিবার্য কারণে ছুটির প্রয়োজন হলে দ্রুত প্রতিষ্ঠানকে বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শপত্র বা অন্যান্য প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে, যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়।
সমাধানের চাবিকাঠি পরিকল্পনা ও বোঝাপড়া
ছুটি সহজে পাওয়ার জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। কারণ একজন কর্মী ছুটিতে থাকলে তার দায়িত্ব অনেক সময় সহকর্মীদেরই সামলাতে হয়। একইভাবে অন্য কেউ ছুটিতে গেলে তার দায়িত্ব নেওয়ার মানসিকতাও থাকা প্রয়োজন।
ছুটির আবেদন করার সময় শুধু প্রয়োজনের কথা জানালেই হবে না, বরং অনুপস্থিতির সময় কাজ কীভাবে পরিচালিত হবে, সেটিরও একটি পরিকল্পনা তুলে ধরা ভালো। ডেডলাইনের কাজ আগে শেষ করা, দায়িত্বপ্রাপ্ত সহকর্মীর নাম উল্লেখ করা এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রাখা—এসব বিষয় বসের আস্থা বাড়াতে সহায়তা করে।
বছরের শুরুতেই সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য ছুটির সময়সূচি নির্ধারণ করা গেলে জটিলতা অনেকটাই কমে যায়। পাশাপাশি প্রতিষ্ঠানের নির্ধারিত সময়সীমার মধ্যে ছুটির আবেদন জমা দেওয়াও জরুরি।
সবকিছু ঠিক থাকার পরও যদি ছুটি না মেলে
অধিকার ও দায়িত্বের সব দিক মেনে চলার পরও যদি কোনো কর্মী অন্যায্যভাবে ছুটি থেকে বঞ্চিত হন, তাহলে বিষয়টি উচ্চপদস্থ কর্তৃপক্ষ বা মানবসম্পদ বিভাগকে জানানো যেতে পারে।
এ ক্ষেত্রে পূর্বের আবেদন, ই-মেইল বা অন্যান্য যোগাযোগের লিখিত প্রমাণ সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। কারণ প্রয়োজন হলে এগুলোই কর্মীর পক্ষে প্রমাণ হিসেবে কাজ করবে।
তবে কোনো অবস্থাতেই আবেগপ্রবণ হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অনুমোদন ছাড়া ছুটি কাটালে তা কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনকি চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে।
একই সঙ্গে মনে রাখতে হবে, কিছু পেশায় জরুরি দায়িত্বের কারণে তাৎক্ষণিক ছুটি পাওয়া সব সময় সম্ভব হয় না। তাই পরিবার ও কাছের মানুষদেরও কর্মক্ষেত্রের বাস্তবতা সম্পর্কে অবহিত রাখা প্রয়োজন।

-6aa0e3d235753.jpg)