বেণি করে ঘুমালে কি সত্যিই দ্রুত বাড়ে চুল?
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাতে চুল বেণি করে ঘুমানোর অভ্যাস অনেকেরই রয়েছে। প্রচলিত ধারণা, এভাবে চুল বেঁধে রাখলে নাকি চুল দ্রুত লম্বা হয়। কিন্তু এই ধারণার পেছনে কি আদৌ বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে?
‘নিউজ এইট্টিন’-এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানানো হয়েছে, বেণি করলে চুল দ্রুত বাড়ে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুলের বৃদ্ধির গতি মূলত জিনগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। তবে খাদ্যাভ্যাস, জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং চুলের নিয়মিত যত্নও চুলের স্বাস্থ্য ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
হেয়ার এক্সপার্টদের মতে, ঘুমানোর সময় চুল আলগা করে বেণি করে রাখলে ঘর্ষণ ও জট পড়ার প্রবণতা কিছুটা কমতে পারে। খোলা চুলে ঘুমালে বালিশ বা চাদরের সঙ্গে ঘষা লেগে চুলের ডগা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বেণি করে রাখলে এই ঘর্ষণ তুলনামূলকভাবে কমানো সম্ভব।
এ ছাড়া খোলা চুলে ঘুমানোর সময় সহজেই জট তৈরি হতে পারে। পরে চিরুনি দিয়ে সেই জট ছাড়ানোর সময় চুলে টান পড়ে ছিঁড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। সে দিক থেকে আলগা বেণি চুলকে কিছুটা সুরক্ষা দিতে পারে।
তবে বেণি করার ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। খুব শক্ত করে চুল বাঁধা উচিত নয়। দীর্ঘ সময় চুলের গোড়ায় টান থাকলে ফলিকলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এতে চুল পড়ার সমস্যা বাড়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, চুল দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বাড়ানোর ক্ষেত্রে বেণি করার চেয়ে সুষম ও পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত চুলের যত্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বেণি করলে চুলের যত্নে কিছু সুবিধা মিলতে পারে, কিন্তু সেটিকে চুল দ্রুত বাড়ানোর উপায় হিসেবে দেখা ঠিক নয়।

