ওজন কমানোর ওষুধ সেবন করছেন? সাবধান
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ওজন কমানোর জন্য এখন অনেকেই ওষুধের সাহায্য নিচ্ছেন। বিশেষ করে জিএলপি-১ ধরনের স্থূলতা নিয়ন্ত্রণে বেশ আলোচিত। তবে ওজন কমানোর এ পথ নিয়ে এবার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কিছু প্রশ্ন সামনে এসেছে। ওজন কমানোর জন্য ব্যবহৃত ওষুধের সঙ্গে বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তার ঝুঁকি বাড়ার একটি যোগসূত্র পাওয়া গেছে নতুন এক গবেষণায়।
দক্ষিণ কোরিয়ার গবেষকদের পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ওজন কমানোর ওষুধ ব্যবহারকারীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার কিছু সূচক তুলনামূলক বেশি ছিল।
গবেষণায় অন্তত ২৭ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করা হয়। এদের মধ্যে ৮৪৬ জন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজন কমানোর ওষুধ ব্যবহার করেছিলেন।
গবেষকদের তথ্য অনুযায়ী, যারা এসব ওষুধ ব্যবহার করেননি, তাদের তুলনায় ব্যবহারকারীদের মধ্যে বিষণ্নতার কথা জানানোর হার ছিল প্রায় ৯৩ শতাংশ বেশি। একইভাবে, আত্মহত্যার চিন্তার কথা জানানোর হার ছিল প্রায় ১৬৮ শতাংশ বেশি।
গবেষকরা প্রায় এক দশকের তথ্য পর্যালোচনা করে বিশেষ করে জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহারকারীদের বিষয়েও বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, ওষুধের মাধ্যমে ওজন কমানোর পর যাদের ওজন আবার বেড়ে গিয়েছিল, তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি তুলনামূলক বেশি।
গবেষণার নেতৃত্ব দেওয়া ড. কিউং-ইয়ং সন ও তার সহকর্মীরা জানিয়েছেন, ওজন কমানোর জন্য ব্যবহৃত ওষুধের সঙ্গে বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তার বৃদ্ধির একটি সম্পর্ক পাওয়া গেছে। তবে তারা স্পষ্ট করেছেন, এই গবেষণা কেবল একটি যোগসূত্র দেখিয়েছে; এটি প্রমাণ করে না যে, ওষুধ সরাসরি বিষণ্নতা ও আত্মহত্যার কারণ।
পুনরায় স্বাস্থ্য বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যে প্রভাব
গবেষকদের মতে, চিকিৎসার পর পুনরায় ওজন বেড়ে যাওয়া মানসিক চাপ বাড়ানোর একটি সম্ভাব্য কারণ হতে পারে। ওজন কমানোর প্রচেষ্টার পর আবার আগের অবস্থায় ফিরে যাওয়া অনেক ক্ষেত্র হতাশা, আত্মবিশ্বাস কমে যাওয়া বা মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
বিশ্বজুড়ে স্থূলতার চিকিৎসায় ওজন কমানোরর ওষুধ ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এসব ওষুধের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়েও গবেষণা চলছে। বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব এখন চিকিৎসা গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
আগেও উঠেছিল নিরাপত্তার প্রশ্ন
ওজন কমানোর ওষুধ এবং আত্মহত্যার চিন্তার মধ্যে কোনো সম্ভাব্য সম্পর্ক আছে কিনা, তা নিয়ে এর আগেও নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ’র কাছে কিছু রোগীর বিষয়ে এমন প্রতিবেদন এসেছিল, যেখানে তারা এসব ওষুধ ব্যবহারের সময় তীব্র হতাশা বা আত্মহত্যার চিন্তার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।
কিছু রোগী দাবি করেছিলেন, ওষুধ ব্যবহারের আগে তাদের কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল না, কিন্তু ওষুধ শুরু করার পর এ ধরনের উপসর্গ দেখা দেয়।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, ওজন কমানোর ওষুধ ব্যবহারের ক্ষেত্রে রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। নতুন এই গবেষণা ওজন কমানোর চিকিৎসায় মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর আরও গুরুত্ব দিয়েছে।

