ক্যারিয়ারের লক্ষ্য বাড়ছে বিয়েতে অনীহা, মুশকিল আসানে ‘ফার্স্ট ডেট’
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের জীবনযাত্রায় বড় রদবদল এসেছে। বর্তমানে অনেক তরুণ-তরুণীই নিজেদের ক্যারিয়ার গড়াকে প্রথম অগ্রাধিকার দিচ্ছেন, যার ফলে বিয়ের বয়স যেমন বাড়ছে, ঠিক তেমনই আশঙ্কাজনকভাবে কমছে প্রজনন হার।
এই সামাজিক ও ডেমোগ্রাফিক সংকট কাটাতে জোরপূর্বক কোনো সিদ্ধান্ত না চাপিয়ে সম্পূর্ণ আধুনিক এক উপায় বেছে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ২১ থেকে ৩৫ বছর বয়সিদের টার্গেট করে এই ‘ফার্স্ট ডেট’ অ্যাপটি আনা হয়েছে, যা তরুণ-তরুণীদের ক্যারিয়ারের পাশাপাশি একটি অর্থপূর্ণ ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করবে।
সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই বদলেছে মানুষের ভাবনা-চিন্তা ও জীবনযাত্রা। একটা সময়ে অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যেত মেয়েদের। সেই নিয়মেও রদবদল এসেছে। এখন ১৮ বছরের আগে বিয়ে আইনত অপরাধ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশে ক্যারিয়ার গড়তে গিয়ে বিয়ের কথা ভুলেই যাচ্ছেন মেয়েরা। আর তাতে কমছে জন্মহার। সেই সমস্যা সমাধানে দারুণ এক সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর প্রশাসন। তারা আনল বিশেষ এক ডেটিং অ্যাপ, যা ২১ থেকে ৩৫ বছর বয়সিদের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে।
তথ্যানুযায়ী, ২০২৫ সালে ছেলেরা বিয়ে করেছে গড়ে ৩১ বছর পেরোনোর পর। নারীর ক্ষেত্রে সেই বয়সটা ২৯। যার প্রভাব পড়ছে জন্মহারেও। তবে হ্যাঁ, তার মানে কখনই এটা নয় যে, জোর করে ধরে বেঁধে বিয়ে দিতেই হবে। তাই সিঙ্গাপুর এনেছে ‘ফার্স্ট ডেট’, যা অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করবে তরুণ-তরুণীদের।
তবে হ্যাঁ, আর পাঁচটা ডেটিং অ্যাপের থেকে খানিকটা আলাদাভাবে কাজ করবে এই ‘ফার্স্ট ডেট’। এই অ্যাপ ব্যবহারের জন্য প্রথমে আপনাকে পছন্দ, শখ, জীবনযাত্রা, মূল্যবোধ, কেমন সম্পর্ক চান, তা বিস্তারিতভাবে জানাতে হবে। আপনার পছন্দ দেখে সেই ধরনের প্রোফাইলই আপনাকে সাজেশনে পাঠাবে এ অ্যাপ। সাজেশন গ্রহণের জন্য সময় পাবেন ৭২ ঘণ্টা। যদি দুজন দুজনকে অ্যাক্সেপ্ট করেন, তারপরই ব্যক্তিগত বা যোগাযোগের তথ্য তারা পাবেন। বিভিন্ন ভাষার সুবিধাও মিলবে এই অ্যাপে। তবে হ্যাঁ, মনে রাখবেন— শুধু সিঙ্গলদের জন্য তৈরি করা হয়েছে এটি।
