নির্বাচনের আগেই ইসরাইলের বিদেশি দূতাবাসে ভোটগ্রহণ শুরু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এর দুই সপ্তাহ আগেই বিদেশে অবস্থিত দেশটির দূতাবাসগুলোতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোটগ্রহণ শুরু হয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ইসরাইলি কূটনৈতিক মিশনগুলোতে ভোটগ্রহণের মধ্য দিয়ে ২০২৬ সালের নির্বাচনের প্রথম ভোটগ্রহণ শুরু হলো।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে কর্মরত কূটনৈতিক মিশনের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এই ভোটগ্রহণ প্রক্রিয়া প্রায় ৩০ ঘণ্টা ধরে চলবে। প্রতিটি দূতাবাস স্থানীয় সময় অনুযায়ী দিনের বেলায় তাদের ভোটকেন্দ্র খোলা রাখবে।
৯৯টি কূটনৈতিক মিশনে ১০১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ৪ হাজার ৮০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশে ভোট দেওয়ার সুযোগ শুধু কূটনৈতিক প্রতিনিধি, মিশনের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাস সবার আগে ভোটগ্রহণের জন্য খুলে দেওয়া হয়। সেখানে স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।
এরপর ফিজিতে অবস্থিত ইসরাইলি দূতাবাসে ভোটগ্রহণ শুরু হয়; নিউজিল্যান্ডে ভোট শুরুর এক ঘণ্টা পর সেখানে ভোটকেন্দ্র খোলা হয়।
সবশেষে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসে অবস্থিত কনস্যুলেটগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে।
পত্রিকাটির তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালটগুলো ইসরাইলে নেওয়া হবে এবং এরপর সেগুলো গণনার জন্য ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পাঠানো হবে।
জনমত জরিপ বলছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিবির কিংবা ইহুদি বিরোধী জোট—কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন (মোট ১২০টির মধ্যে) অর্জন করতে পারবে না।
বেনিয়ামিন নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ দিক থেকে বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তার এই জোট সরকারকে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার হিসেবে অভিহিত করা হয়।
এ ছাড়া নেতানিয়াহু তিনটি পৃথক মামলায় দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং বিশ্বাস ভঙ্গের মতো অভিযোগের মুখোমুখি হয়েছেন। দেশের ভেতরে দুর্নীতির বিচার ছাড়াও, গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সাল থেকে নেতানিয়াহুকে খুঁজছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সূত্র: আনাদোলু

