যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বন্দরগুলোতে অবরোধ সম্প্রসারণ করে দেশটির স্থলসীমান্তও এর আওতায় আনার মার্কিন সামরিক পরিকল্পনাকে ‘শুধুই শব্দের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে রোববার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেন, ‘এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। তাদের লক্ষ্য হলো, ইরানের অর্থনীতিকে ধসিয়ে দেওয়া এবং দেশটির ওপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা।’
তিনি আরও বলেন, ‘এর আগে ওয়াশিংটন দাবি করেছিল, দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু আমরা দেখেছি, তেমনটি ঘটেনি।’
শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তাদের ‘আয়রন গেট’ টাস্কফোর্স ইরানের স্থলপথে সরবরাহ রুটগুলোতে বাধা সৃষ্টি করবে এবং অস্ত্রের চলাচল বন্ধ করবে।
ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। দেশগুলো হলো—ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। এ ছাড়া দেশটির উত্তরে কাস্পিয়ান সাগর রয়েছে।

