পালটাপালটি হামলায় দুই দেশ
বিভীষিকাময় রাত পার করল ইরান-ইসরাইল
হামলা বন্ধ হলে, আমরাও থেমে যাব -ইরানের পররাষ্ট্রমন্ত্রী * সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় তেল আবিব * ইসরাইলে ১৪ জন নিহত ও ৩৯০ জন আহত * বেদনাদায়ক ও কঠিন এক সকাল : ইসরাইলি প্রেসিডেন্ট * যুদ্ধ বন্ধে ‘চুক্তি করবে’ ইরান-ইসরাইল : ট্রাম্প
শামীম জোয়ার্দ্দার
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সন্ধ্যা নামছে। রাত বাড়ছে। ঢুলুঢুলু চোখেই পার হয়ে যাচ্ছে মধ্যরাতও । তবু ঘুম নেই! উলটো আতঙ্ক। বদ্ধ ঘরে শুধু নিঃশ্বাসের শব্দ। ছাদ-মেঝে, দেওয়াল-বেলকনিতে একটু ছন্দপতনেই আঁতকে উঠছে সবাই। চঞ্চল হয়ে উঠছে ভয়ে বিবর্ণ পরিবার-এই বুঝি উড়ে এলো ক্ষেপণাস্ত্র দানব! সাঙ্গ হলো ভবলীলা! গত তিন দিন ধরে এই আতঙ্কেই ঘুম উড়ছে ইরান-ইসরাইলের জনপদে। এর মধ্যে শনিবার রাতটাই ছিল সবচেয়ে বিভীষিকাময়। মৃত্যুভয়ে ঘুম উড়ে গিয়েছিল দুদেশের চোখেই। বিশেষ করে রাজধানী ও সীমান্তবর্তী শহরগুলোতে। রাতভর দুই বাহিনীর হামলা-পালটাহামলার দাপটে অবস্থা এমন হয়ে উঠেছিল যেন পলক ফেললেই আগুনের কুণ্ডলী হয়ে ক্ষিপ্রগতিতে ছুটে আসবে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র। কিংবা খানিক অসাবধানেই পাশের দুমড়ে-মুচড়ে ধসে পড়া ভবনটি গায়ে এসে পড়বে। মধ্যরাতের বিশ্রাম; নিশ্চিন্ত নিদ্রা-দিনশেষের এ চিত্র এখন ইরান-ইসরাইলে পুরোটাই উলটো। রাত বাড়লেই মৃত্যু নামছে সেখানে। শোকের মাতম উঠছে দুদেশেই। রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলের ১৪ জন নিহত হয়েছেন। আহত ৩৯০। ইরানের রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে, ১২৮ জন নিহত হয়েছেন। আহত ৯০০ জন। তবে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানে ৪০৬ জন নিহত এবং ৬৫৪ জন আহত হয়েছেন। এএফপি, আলজাজিরা।
শনিবার রাতভর পালটাপালটি হামলা চালিয়েছে ইরান-ইসরাইল। একের পর এক। এক শহর থেকে অন্য শহর। ৫০টি যুদ্ধবিমানে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে পালাক্রমে হামলা চালিয়েছে ইসরাইল। তছনছ করে দিয়েছে তেহরানসহ বেশ কয়েকটি এলাকা। ভয়ে রাজধানী ছেড়ে পালাচ্ছেন তেহরানবাসী। রোববার মধ্যরাতে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, দোকানপাট বন্ধ করে যে যার মতো রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। অপর দিকে রাতভর শত শত মিসাইল ছুড়ে ইসরাইলের দুই শহর হাইফা ও বাত ইয়াম লন্ডভন্ড করে দিয়েছে ইরান। সাইরেন-ক্ষেপণাস্ত্রের শব্দে থেমে থেমেই আঁতকে উঠেছে দুই শহর। জেরুজালেম, লেবানন সীমান্তবর্তী শহর গ্যালিলি, উত্তরাঞ্চলের তামরাসহ গুরুত্বপূর্ণ সব শহরই কেঁপে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্রে।
তেল আবিবের উপকূলীয় শহর বাত ইয়ামে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ধুলোয় মিশে গেছে ছোট-বড় প্রায় ডজনখানেক ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক ডজন ভবন। ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার মতো কঙ্কালসার শরীর নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাত ইয়ামের আধুনিক নগর সভ্যতার বিরাট একটি অংশ। শনিবার রাতভর শহরটিতে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার বাত ইয়ামের মেয়র তজভিকা ব্রট শভা ফেসবুক পোস্টে বলেছেন, ‘ব্যাপক ধ্বংস এবং ডজন ডজন ভবনের ক্ষতি হয়েছে। মৃত্যুর পাশাপাশি ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।’ গিমেল নামের ৫০ বছর বয়সি এক নারী স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইনেটকে বলেন, ‘আমি তখন বাড়িতে একা। সাইরেনের শব্দ শুনেই বোম্ব শেল্টারে যাওয়ার কথা ভাবছিলাম। কিন্তু প্রথমে দৌড়ে বাথরুমে যাই। আমি দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনি, ভেবেছিলাম এটা শেষ হয়েছে। পরে যখন শুনলাম উত্তর দিকে চার নারী নিহত হয়েছেন, তখনই হঠাৎ আমার মাথার ওপর সবকিছু ভেঙে পড়ল। পুরো ছাদ ধসে পড়ল। আমি নিজেকে বলছিলাম, আমি মারা যাচ্ছি।’
আরেক বাসিন্দা বারুচ বলেন, ‘আমি আমার জীবনে এমন কিছু দেখিনি। আমি যুদ্ধ করেছি। ছয় দিনের যুদ্ধে গোলান মালভূমিতে আমি লড়াই করেছিলাম। কিন্তু সেখানে এমন কিছু ঘটেনি।...বোমার শক্তি দেখে আমি সত্যিই ভয় পেয়েছিলাম।’ দিনের আলো ফুটতেই বাত ইয়ামের একটি বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে খুবই চড়া মূল্য দিতে হবে। জনমনে সাহস যোগাতে বলেন, ‘আমরা অস্তিত্বের লড়াই চালাচ্ছি। আমি মনে করি এখন প্রতিটি ইসরাইলি নাগরিক তা বুঝতে পারছে।’
বন্দরনগরী হাইফা শহরেও ভয়ংকর ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে ইরান। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানি বাহিনী রাতারাতি ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে ৪০টি উত্তরাঞ্চল হাইফায় আঘাত হেনেছে। এতে অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলের সবচেয়ে বড় তেল শোধনাগার এই শহরে। একটি নৌঘাঁটিও রয়েছে হাইফাতে। হামলার সময় স্থানীয়রা বেশির ভাগই সরকার নির্দেশিত বাংকারে আশ্রয় নেয়। পূর্ণ নিরাপত্তা সত্ত্বেও বাংকারগুলোতেও ভয়ার্ত রাত কেটেছে ইসরাইলিদের। টাইমস অব ইসরাইলের এক ভিডিও ক্লিপে দেখা গেছে, একসঙ্গে অনেকে থাকলেও প্রত্যেকের ভেতরই আতঙ্ক-ভয়ের ছাপ স্পষ্ট। ইসরাইলের কেন্দ্রীয় শহর রেহোভে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট। ইরানের হামলার ভয়াবহতা ফুটে উঠেছে খোদ ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের মুখেও। রোববার সামাজিকমাধ্যম এক্সের পোস্টে রাতভর হামলার পরের সকালকে ‘অত্যন্ত বেদনাদায়ক ও কঠিন’ বলে মন্তব্য করেন তিনি। শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই ভয়াবহ ক্ষতির কারণে তিনি ভুক্তভোগীদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছেন। আহতদের সুস্থতা কামনা করছেন। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন।
থেমে থাকেনি ইসরাইলি হামলাও। বৃষ্ট্রির মতো ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। সামরিক স্থাপনা, পারমাণবিককেন্দ্র ও জ্বালানি ডিপোগুলোতে হামলা চালায় ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার রাতভর তেহরানে অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ইসরাইলের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক গবেষণা ও উন্নয়ন শাখা বলে দাবি করা হয়েছে। তবে ইরান বলছে, হামলাটি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্য একটি ভবনে হয়েছে। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। রোববার তেহরানের পুলিশ সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরাইল। পররাষ্ট্র মন্ত্রণালয়েও হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপরও হামলার ইঙ্গিত দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আয়াতুল্লাহ আলী খামেনিও লক্ষ্যবস্তু হবেন। এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না।’ এক মুহূর্তের জন্যও হামলা বন্ধ করছে না ইসরাইল। থেমে থেমেই বিকট বিস্ফোরণে কেঁপে উঠছ তেহরান। বাসিন্দারা সিএনএনকে জানিয়েছেন, রোববার বিকালে শহরে আবারও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। শহরের পশ্চিমাঞ্চলের একাধিক আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটেছে। তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপোয় আগুন জ্বলছে। ইসরাইলি হামলার জেরে রাতে ওই জ্বালানি অবকাঠামোয় আগুন লাগে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা। তবে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। শনিবার রাতে ইরানের বেশকিছু জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। ইসরাইলের জ্বালানি কেন্দ্রগুলোতেও হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড।
এরই মধ্যে তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরাইল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে। ইসরাইলকে উদ্দেশ করে আরাগচি আরও বলেছেন, ‘হামলা বন্ধ হলে, আমরাও থেমে যাব।’ ইরান-ইসরাইলের উত্তেজনার মধ্যেই ইসরাইলে হামলা চালিয়েছে হুথিরাও।
পশ্চিমা সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্রকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইল ইরানের ‘ফোর্ডো’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি ধ্বংস করার সক্ষমতা রাখে না। কারণ, এটি পাহাড়ের গভীরে অবস্থিত। তাই তারা এই স্থাপনাটিকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চায়।
যুদ্ধ বন্ধে ‘চুক্তি করবে’ ইরান-ইসরাইল -ট্রাম্প : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরাইল ‘একটি চুক্তিতে পৌঁছাবে’। রোববার সকালে নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘ইরান ও ইসরাইলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত এবং দুই দেশ চুক্তিতে পৌঁছাবে। যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। প্রায় একই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও। বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়ে আসবে। রোববার গ্রীনল্যান্ড সফরের সময় এ মন্তব্য করেন তিনি।
মোসাদের দুই গুপ্তচর গ্রেফতার : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেফতার করার কথা জানিয়েছে ইরান। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই ব্যক্তি আলবোর্জ প্রদেশে বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির সময় ধরা পড়েছেন।
