আলোচনাসভায় বক্তারা
বঙ্গোপসাগরে আকাশসীমা সম্প্রসারণে বাড়বে রাজস্ব
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) ওপর ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) সম্প্রসারণ করা হলে এয়ার নেভিগেশন সেবা থেকে রাজস্ব আয় বাড়বে। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি মূল্যায়ন ও আন্তর্জাতিক সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।
মঙ্গলবার ঢাকার রাওয়া কনভেনশন ক্লাবের স্কাই লাউঞ্জে এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিসিএবি) এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করার পাশাপাশি আকাশসীমা ব্যবস্থাপনার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো জরুরি। এ ক্ষেত্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দক্ষতা, পেশাগত স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এটিসিএবির সাধারণ সম্পাদক এ টি এম নজরুল ইসলাম বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা নিজেদের দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিদিন অসংখ্য বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করেন। আড়ালে থেকে দায়িত্ব পালন করলেও ওভারফ্লাইট ও এয়ার নেভিগেশন সেবা থেকে রাজস্ব অর্জনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, যথাযথ কারিগরি মূল্যায়ন ও আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন-সংলগ্ন এলাকায় এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন পুনর্গঠন করা সম্ভব হলে দেশের আকাশসীমা অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমোডর নূর-ই-আলম বলেন, বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ওপর ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সম্প্রসারণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশের আকাশসীমা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। পাশাপাশি এয়ার নেভিগেশন সেবা থেকে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যারো ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুল ইসলাম। তিনি বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাগত গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে এটিসিএবির সভাপতি এম এ আক্কাস এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি পর্যবেক্ষণ, উপযুক্ত শিফট ব্যবস্থাপনা, পর্যাপ্ত বিশ্রাম এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি দক্ষ ও সুস্থ জনবলই নিরাপদ আকাশপথ পরিচালনার মূল চালিকাশক্তি। তাই এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কর্মপরিবেশ ও কল্যাণ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে প্রবীণ ও নবীন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের কর্মজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনা সভার শেষ পর্যায়ে এটিসিএবির প্রথম ম্যাগাজিন ‘Horizons and Beyond’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়। বিশ্বের ১৩৭টি দেশের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশে দিবসটি উদযাপন করা হয়।
