Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

Advertisement

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল—তাদের দম ফুরিয়ে গেছে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন তারা যেটা করতে পারেন, তা হলো একটা ভালো নির্বাচন।’

সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনি অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস। অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়।

দেশের ৫০৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এ জরিপের ফলাফল বলছে, ৫০ শতাংশের বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং ২৫ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন।

ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি বললেন, ধর্মবর্ণ–নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু ছাতা তো খুললই না। বৃষ্টি পড়ে যাচ্ছে।

দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। তিনি বলেন, নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্নমতের রাজনীতির মানুষ হোক—নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে–পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। তিনি মনে করেন, সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও অর্থনীতিবিদ সেলিম জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম