Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

জামায়াতের উদ্দেশে ফরহাদ মজহার

মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:০৯ পিএম

মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন

Advertisement

অনৈতিক কাজের অভিযোগ তুলে রাজধানীর শাহ আলী মাজারে হামলা হয়েছে। এ হামলায় জামায়াতে ইসলামীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ টেনে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ চাপাচ্ছেন। 

রোববার দুপুরে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাধুগুরুভক্ত ও অলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাববৈঠকী। এর আগে মাজারে হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো। 

ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি যুগান্তরকে জানান, গ্রেফতার ব্যক্তিদের হামলায় সরাসরি অংশ নিতে দেখা গেছে। 

বিক্ষোভ সমাবেশে ফরহাদ মজহার বলেন, অভিযোগ উঠেছে, এই হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে। আমি পত্রিকায় দেখেছি। আমি শফিক ভাইকে (জামায়াত আমির) এর আগেও বলেছি, নির্বাচনের আগে আপনি কীসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে ডেকেছিলাম, কোনো টেলিভিশন শোতে। আপনি তো আসেননি। আপনারা বলছেন গান হারাম। বাহাসে ডেকেছি, আসেননি। কোথায় গান হারাম? কোন আয়াত নিয়ে বলছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে।

জামায়াতের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, এর আগেও বলেছি, মাজারে যেসব খারাপ কাজ বলে আমরা মনে করি-অনৈতিক কাজ এগুলো বন্ধ হওয়া দরকার। কিন্তু এখন তো প্রমাণিত হচ্ছে-মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ দিচ্ছেন। 

সমাবেশে অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, মাজারে হামলাকে শুধু মাজারে হামলা হিসাবে দেখা যাবে না। এটাকে ভিন্নমতের ওপর হামলা হিসাবে দেখতে হবে।

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 

রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং হামলা-সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি বলেন, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দায়িত্বশীল রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য একজন সচেতন বুদ্ধিজীবী ও চিন্তকের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না। 

জুবায়ের শাহ আলী মাজারে সংঘটিত ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত এবং বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম