Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ডিসি ফরিদার উদ্যোগে লটারিতে পদায়ন, অংশ নিলেন ৫২ কর্মকর্তা

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে সচিব বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে সচিব বদলি

মিজ ফরিদা খানমের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন করা হয়। সংগৃহীত ছবি

Advertisement

ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। 

জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানমের উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পাঁচ উপজেলার ৬১টি ইউনিয়ন পরিষদে সচিবের অনুমোদিত পদ ৬২টি। বর্তমানে কর্মরত রয়েছেন ৫৭ জন আর পাঁচটি পদ শূন্য। কর্মরতদের মধ্যে ৫২ জন বদলি কার্যক্রমে অংশ নেন।

এরমধ্যে ৪৫ জন নিজ নিজ উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য লটারিতে অংশ নেন। আবেদন ও যৌক্তিক কারণ বিবেচনায় সাতজনকে অন্য উপজেলায় পদায়নের সুযোগ দেওয়া হয়। তারাও লটারির মাধ্যমে নতুন কর্মস্থল নির্ধারণ করেন।

সূত্র জানায়, কর্মরত বাকি পাঁচজনের মধ্যে চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদের এ বদলি কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। আর একজনকে প্রশাসনিক কারণে অন্তর্ভুক্ত করা হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বদলি কার্যক্রমে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ বন্ধ করতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছভাবে লটারির আয়োজন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি কার্যক্রম নিয়ম ও নীতিমালার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমেও কোনো ধরনের ব্যক্তিগত প্রভাব বা সুপারিশের সুযোগ রাখা হয়নি।

তিনি আরও বলেন, ‘লটারির মাধ্যমে পদায়নের ফলে সবাই সমান সুযোগ পাচ্ছেন। এতে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দক্ষ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ উদ্যোগ অব্যাহত রাখবে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম